লাদাখে সেনাদের জন্য ৪০০ কোটি টাকার শীতবস্ত্র কিনছে ভারত

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৫৩

লাদাখে শীতের জন্য তৈরি হচ্ছে ভারতীয় সেনাবাহিনী। খুব তাড়াতাড়ি লাদাখের অতি উচ্চতায় তাপমাত্রার সঙ্গে সামঞ্জস্য রেখে শীতবস্ত্র কিনছে ভারত। চীনের বিরুদ্ধে অবস্থানে লাদাখে সেনা-জওয়ানদের জন্য অত্যাধুনিক শীতবস্ত্রের প্রয়োজন। তাই যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে এ ধরনের শীতবস্ত্র কিনছে নয়াদিল্লি। খবর ইন্ডিয়া টুডের

লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরেন্ডাম অ্যাগ্রিমেন্টের আওতায় হবে এই শীতবস্ত্রের আমদানি। যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বিশেষ চুক্তির মাধ্যমে শীতবস্ত্র আমদানি করা হবে। সামরিক সরঞ্জাম, খাদ্য, বস্ত্র, চিকিত্সার সরঞ্জাম আমদানি বা রপ্তানি করা হতে পারে এই অ্যাগ্রিমেন্টের আওতায়।

লাদাখে সেনাবাহিনীর কাছে শীতবস্ত্র পৌঁছে দিতে হবে দ্রুত। কারণ শীতকাল চলে এসেছে। এই পরিস্থিতিতে সেনাবাহিনীর কাছে প্রতিকূল পরিবেশই বড় চ্যালেঞ্জ। খাদ্য, বস্ত্র ও জ্বালানি সরবরাহ না থাকলে লাদাখে চীনের মোকাবিলা করা প্রায় অসম্ভব হয়ে উঠবে ভারতীয় জওয়ানদের জন্য।

এসব বিষয়ে গুরুত্ব দিয়েই যুক্তরাষ্ট্রের কাছ থেকে লাদাখের উপযুক্ত শীতবস্ত্র কিনছে ভারত। জানা গেছে, শীতের সময় লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা উন্মুক্ত থাকলেও এবার আর তা রাখা হবে না। আশঙ্কা করা হচ্ছে, আসন্ন শীতের কারণে ভারতীয় সেনারা যদি প্রকৃত নিয়ন্ত্রণরেখা থেকে পিছিয়ে যায়, তবে চীনা সেনারা প্রকৃত নিয়ন্ত্রণরেখায় কৌশলগত অবস্থানগুলো দখল করে নিতে পারে।

বিশেষ করে সীমান্তে গত ৪৫ বছরের ইতিহাসে এই প্রথম যেভাবে চীনা সেনারা ১০০ থেকে ২০০ রাউন্ড গুলি চালিয়েছে, তারপরে আর ঝুঁকি নিতে রাজি নয় ভারত।  শীতের মধ্যে পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে, এমনও আশা করছে না মোদি সরকার। হেলিকপ্টারে রেশন, মিনারেল ওয়াটার, ফলের রসের প্যাকেট, প্রবল শীতের হাত থেকে বাঁচার জন্য তাঁবু, গরম কাপড়ের পোশাক, বিশেষ জুতা, বরফে ব্যবহারের সানগ্লাস পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়ে গেছে। পাঠানো হচ্ছে বাড়তি সেনাও।