তুরস্কে ভূমিকম্পের তিন দিন পর দুই জনকে জীবিত উদ্ধার

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৫৫

তুরস্কে শক্তিশালী ভূমিকম্পের তিন দিন পর গতকাল ইজমিরের বিধ্বস্ত ভবন থেকে এক জন কিশোরী ও এক শিশু কন্যাকে উদ্ধার করা হয়েছে। এদিকে এ ঘটনায় এখন পর্যন্ত ৮১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। অনেকে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে তারা জীবিত আছেন কি না সে সম্ভাবনা খুবই ক্ষীণ।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, বেশির ভাগ হতাহতের ঘটনাই ঘটেছে ইজমিরে। এর আগে রবিবার ৭০ বছর বয়সি এক বৃদ্ধকে জীবিত উদ্ধার করা হয়। শুক্রবার ঘটে যাওয়া এজিয়ান সাগরের এ ভূমিকম্প আঘাত হানে তুরস্ক ও গ্রিসে। তুরস্ক কর্তৃপক্ষ মৃত্যুর সব ঘটনা উপকূলীয় শহর ইজমিরেই ঘটেছে বলে নিশ্চিত করেছে। আর তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা বিভাগের (এএফএডি) হিসাব মতে, আহত হয়েছে ৯৪০ জন। ভূমিকম্পে ইজমিরের বেরাকলি জেলায় যে ২০টি ভবন ধসে পড়েছিল, তার একটির ধ্বংসস্তূপের নিচ থেকে রবিবার ভোররাতে আহমেদ সিতিম নামের ৭০ বছর বয়সি ঐ বৃদ্ধকে উদ্ধার করা হয়। শনিবারও উদ্ধারকর্মীরা একটি ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে একজন মা ও তার চার সন্তানকে উদ্ধার করেছিল। ভূতাত্ত্বিক চ্যুতি থাকার কারণে তুরস্কের উপকূল ভূমিকম্পপ্রবণ; ১৯৯৯ সালে দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি শক্তিশালী ভূমিকম্পে ১৮ হাজার মানুষের মৃত্যু হয়েছিল।