‘মারিয়া আমার জান’

বরগুনায় ‘চিরকুট’ লিখে স্কুলছাত্রের আত্মহত্যা !

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২০:৩৫

বরগুনার তালতলীতে চিরকুট লিখে জোবায়ের হোসেন রিয়াজ (১৪) নামের এক স্কুল ছাত্র শনিবার রাতে বাড়ির কাছে তেঁতুলগাছের সাথে গলায় রশির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। রবিবার (১-১১-২০) সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরগুনা মর্গে পাঠায়।

জানা গেছে, উপজেলার হড়িনবাড়িয়া গ্রামের কামাল মুন্সির ছেলে তালুকদারপাড়া মাধ্যমিক বিদ্যালয়ে ৮ম শ্রেণীর ছাত্র জোবায়ের শনিবার দুপুরের দিকে প্রাইভেট পড়তে বের রাতে আর বাসায় ফেরেনি। পরিবারের লোকজন খোঁজাখুঁজির পর শনিবার গভীর রাতে বাড়ির কাছে একটি তেঁতুলগাছের সাথে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাকে দেখতে পায়।

পুলিশ জোবায়েরের মরদেহের পকেট থেকে একটি চিরকুট উদ্ধার করেছে। ওই চিরকুটে লেখা রয়েছে ‘মা আমাকে ক্ষমা করে দিও আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়, মারিয়া আমার জান।’ ধারনা করা হচ্ছে জোবায়ের জনৈক মারিয়া নামক মেয়ের প্রেমে ব্যর্থ হয়ে আত্মহত্যা করেছে।

নিহত জোবায়েরের মা জেসমিন কান্নাজনিত কণ্ঠে বলেন, আমার ছেলে প্রায় এক সপ্তাহ ধরে মানসিক সমস্যায় ভুগছিল। ঠিকমত খাওয়া দাওয়া করতো না। কথাবার্তাও বলতো না। জানতে চাইলে বলতো আমার স্বাস্থ্য ভালো না।

তালতলী থানার ওসি  মো. কামরুজ্জামান মিয়া বলেন, জোবায়েরের মরদেহ উদ্ধার করতে গিয়ে একটি চিরকুট পাওয়া গেছে। এ ঘটনায় থানার অপমৃত্যু মামলা হয়েছে।

ইত্তেফাক/এমআর