বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত ৬

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২১:২১

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় ছয় জন নিহত হয়েছে। সোমবারের এসব ঘটনায় আহত হয়েছে অন্তত চার জন। আমাদের সংবাদদাতাদের পাঠানো খবর।

ফরিদগঞ্জ (চাঁদপুর) :দুপুরে ফরিদগঞ্জে চাঁদপুর-লক্ষ্মীপুর সড়কের টিএন্ডটি এলাকায় মোটরসাইকেল-সিএনজি স্কুটারের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। নিহতরা হলেন—রায়হান (১৭) ও জাহিদ হোসেন (২২)। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহিদ হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, সিএনজিসহ চালক মনিরকে আটক করা হয়েছে।

ঝিকরগাছা (যশোর) :সকালে যশোর- বেনাপোল সড়কের মল্লিকপুর নামক স্থানে বেনাপোলগামী একটি পিকআপের চাপায় সলেমান হোসেন (৪৮) নামে একজন নিহত হয়েছেন। তার বাড়ি মল্লিকপুর পশ্চিমপাড়ায়। এ সময় আরো দুই জন আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। এ ব্যাপারে ঝিকরগাছা থানায় মামলা হয়েছে।

কালাই (জয়পুরহাট) :পৌরসভার আঁওড়া শিমুলতলী মোড় নামক স্থানে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় লবির আকন্দ (৫৫) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছে। সে আঁওড়া মহল্লা মৃত বাসমতউল্লাহর ছেলে। এই ঘটনায় আহত হয়েছে এক অটোভ্যান যাত্রী। সড়ক দুর্ঘটনায় নিহত বিষয়টি নিশ্চিত করে কালাই থানা অফিসার ইনচার্জ মো. সেলিম মালিক।

মধুখালী (ফরিদপুর) :দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পেঁয়াজ বাজারে চিটাগুর কারখানার সামনে রাস্তা পারাপারের সময় মালবাহী ট্রাকের চাপায় হেমায়েতউজ্জামান ধলা (৮২) নামে একজন নিহত হয়েছেন। তিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত. শাহ্ হাতেমুজ্জামানের ছেলে। মধুখালী পৌর মেয়র খন্দকার মোরশেদ রহমান লিমন ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

উলিপুর (কুড়িগ্রাম) :ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় মোকছেদ আলী (৬৭) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। সে মৃত ডাক্তার কপিল উদ্দিনের ছেলে ও সাংবাদিক মনজুরুল হান্নানের বড় ভাই। সকাল সাড়ে ১১টার দিকে উলিপুর-চিলমারী সড়কের প্যারাগন প্রি-ক্যাডেট স্কুলের সামনে এ ঘটনা ঘটে।