মোরেলগঞ্জে চলতি বছর সুপারির ফলন কম হলেও দামে খুশি কৃষকরা। গত বছরের চেয়ে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে সুপারি। যার কারণে নতুন উদ্যমে চাষিরা সুপারি চাষাবাদে আগ্রহী হচ্ছেন। উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের কামলা গ্রামের সুপারিচাষি রশিদ শেখ জানান, তিনি এবার বসতবাড়ি বাদে বাকি জমিতে সুপারি চাষ করেন। এ বছরে তিনি ৫ লাখ টাকার সুপারি বিক্রি করেছেন। সুপারির ফলন কম হলেও দাম দ্বিগুণ থাকায় ক্ষতিটা অনেকটা পোষানো সম্ভব হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ সিফাত আল মারুফ বলেন, উপজেলার ৬৫০ হেক্টর জমিতে এ বছর সুপারি ফলন হয়েছে। অন্যসব বছরের চেয়ে ফলন একটু কম হলেও ভালো দাম পাচ্ছেন চাষিরা।
