নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের উপনির্বাচন শেষ হতে না হতেই বাজতে শুরু করেছে রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে উপনির্বাচনের ডামাডোল। জনসমর্থন আদায়ের লক্ষ্যে আগাম প্রচার-প্রচারণায় মাঠ চষে বেড়াচ্ছেন মনোনয়ন প্রত্যাশীরা। গত ১৭ অক্টোবর নওগাঁ-৬ আসনে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী রাণীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার হোসেন হেলাল জয়ী হন। এতে উপজেলা পরিষদের চেয়ারম্যান পদটি শূন্য হয়। বর্তমানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম। তপসীল ঘোষণা না হলেও ইতিমধ্যে মনোনয়নপ্রত্যাশীদের পোস্টার, ব্যানারে ছেয়ে যাচ্ছে উপজেলার অলিগলি। মনোনয়ন প্রত্যাশীরা হলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) ফরিদা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সম্পাদক সাইফুল ইসলাম সজল, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও পারইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবর রহমান, উপজেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও একডালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোসারব হোসেন, এছাড়াও কালীগ্রাম ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলু মণ্ডল, বড়গাছা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিউল আলম শফি, একডালা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম ফটিক, বিশিষ্ট ব্যবসায়ী ও সাবেক ছাত্রলীগ নেতা গোলাম রব্বানী, সাবেক যুবলীগ নেতা শহিদ নজরুল ইসলামের স্ত্রী শামীম আরা পারভিন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আল ফারুক জেমস।
