পয়ালি বাজারে অগ্নিকাণ্ড
মতলব দক্ষিণ ( চাঁদপুর) সংবাদদাতা মতলবের নারায়ণপুর ইউনিয়নের পয়ালি বাজারে রবিবার গভীর রাতে অগ্নিকাণ্ডে সজীব প্রধানীয়ার সেমিপাকা বিল্ডিংয়ের ফার্মেসি, কম্পিউটার, ডাচ্ বাংলা ব্যাংকের বুথ ও নগদ টাকা ভস্মীভূত হয়েছে। ব্যবসায়ী সজিব বলেন, বাংলাদেশ কৃষি ব্যাংক থেকে (সি সি) লোন নিয়ে ফার্মেসি ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং ব্যবসা পরিচালনা করে আসছিলাম। আমি এখন সর্বস্বান্ত। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হক সোমবার ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে সরকারি বরাদ্দের আশ্বাস দেন।
সড়ক পরিবহন আইন বাস্তবায়নের দাবি
বড়লেখা (মৌলভীবাজার) সংবাদদাতা সড়ক পরিবহন আইন-২০১৮-এর পূর্ণ বাস্তবায়নের দাবিতে বড়লেখায় রবিবার সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখা। সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের চেয়ারম্যান চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চনের লিখিত বক্তব্য পাঠ করেন নিসচার বড়লেখা শাখার আহ্বায়ক তাহমিদ ইশাদ রিপন।
পিআইবির শিশু ও নারী উন্নয়নবিষয়ক প্রশিক্ষণ
হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ প্রেসক্লাবে দুই দিনব্যাপী নারী ও শিশুবিষয়ক রিপোর্টিং প্রশিক্ষণ সোমবার শেষ হয়েছে। এর আগে গত রবিবার দুপুরে কর্মশালা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পিআইবির মহাপরিচালক জাফর ওয়াজেদ। প্রশিক্ষণের সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন পিআইবির প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল মান্নান। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম।
স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা কটিয়াদীতে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন রক্তদান সমিতির উদ্যোগে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষ্যে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও চত্বরে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়। রক্তদান সমিতির উপদেষ্টা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল ওয়াহাব আইন উদ্দিন এতে সভাপতিত্ব করেন।
ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা মির্জাপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় পারদিঘী পূর্বপাড়া একতা সংঘ (১-০) গোলে ভাবখণ্ড সমাজকল্যাণ সমিতিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। সোমবার খেলার আয়োজক কমিটির সদস্য ও ফতেপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মো. ইব্রাহীম সিকদার জানান, পুরস্কার বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা যুবলীগের সহসম্পাদক ব্যবসায়ী নেতা মীর মইন হোসেন রাজিব।
ফ্লো অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা সোমবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ফ্লো অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করেন প্রধান অতিথি ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য শফিকুল আজম খাঁন চঞ্চল। উপজেলা নির্বাহী অফিসার শাশ্বতী শীলের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আঞ্জুমান আরা বেগম প্রমুখ।
জেলেরা পেল নানা উপকরণ
মনোহরগঞ্জ (কুমিল্লা) সংবাদদাতা বৃহত্তর কুমিল্লা জেলার মত্স উন্নয়ন প্রকল্পের আওতায় নিবন্ধিত ৮০ জেলের মধ্যে বিকল্প আয়বর্ধক উপকরণ হিসেবে সেলাই মেশিন, আয়রন ও চেয়ার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা মত্স্য অধিদপ্তর কর্তৃক আয়োজিত এ উপকরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জাকির হোসেন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগ সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী প্রমুখ।
নতুন কমিটির পরিচিতি সভা
পলাশ (নরসিংদী) সংবাদদাতা দুর্নীতি প্রতিরোধ, সততা ও নিষ্ঠাবোধ সৃষ্টির প্রয়াসে এবং দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নবগঠিত নরসিংদীর পলাশ উপজেলা দুর্নীতি প্রতিরোধ নতুন কমিটির এক পরিচিতি সভা সোমবার সকালে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. উবায়দুর রহমান তালুকদারের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
