সড়কে মৃত্যুর মিছিল এখন নিত্যনৈমিত্তিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিনই দেশের কোথাও না কোথাও দুর্ঘটনায় প্রাণহানি ঘটছে। করোনাকালেও এই মৃত্যুর মিছিল থেমে নেই। চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত প্রায় ৯৪৫ ব্যক্তি নিহত হয়েছেন এবং ৯৭৫ জনের মতো হয়েছেন আহত। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, বাংলাদেশে সড়ক দুর্ঘটনায় প্রতিদিন গড়ে ৫৫ ব্যক্তির প্রাণহানি হচ্ছে। সড়ক দুর্ঘটনায় যাঁরা মারা যাচ্ছেন, তাঁদের উল্লেখযোগ্য একটা অংশ পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। তখন পরিবারগুলো রীতিমতো পথে বসে যায়। আর আহতদের অনেকে কর্মক্ষমতা হারিয়ে ফেলেন। সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে বলা যায়—অদক্ষ ও অশিক্ষিত চালক, ফিটনেস ও লাইসেন্স বিহীন গাড়ি, বেপরোয়া গতি, ট্রাফিক আইন অমান্য করা, চলন্ত অবস্থায় চালকদের মোবাইলফোন ব্যবহার, অপরিকল্পিত ও ভঙ্গুর সড়ক, ওভারব্রিজের স্বল্পতা এবং জনসচেতনতার অভাব। এ অবস্থায়, সড়ক দুর্ঘটনা হ্রাসে এখনই কার্যকর পদক্ষেপ নিন।
ইলিয়াছ হোসাইন
শিক্ষার্থী, ঢাকা কলেজ
