মধু ব্যবসার বর্তমান সমস্যা ও সমাধানের লক্ষ্যে সম্প্রতি একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর ক্যান্টনমেন্টের বালুঘাটে মুনতাহা কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করে ফেসবুক গ্রুপ ‘মৌমাছি ও মধু’। একই সঙ্গে মধু ব্যবসার সমস্যা, বিএসটিআইসহ সরকার প্রদত্ত যাবতীয় লাইসেন্স কীভাবে সহজে পাওয়া যাবে, সে বিষয়ে প্রশিক্ষণও অনুষ্ঠিত হয়। সেখানে খাঁটি মধু কীভাবে ল্যাব পরীক্ষার মাধ্যমে চেনা যাবে, মধুর রং ও গন্ধ, হাতে কলমে পরীক্ষা ইত্যাদি বিষয় প্রদর্শন করা হয়। খাঁটি মধু সেবনের উপকারিতা সম্পর্কেও আলোকপাত করা হয়।
সভায় আলোচকবৃন্দ ব্যবসার মার্কেটিং ও এর নিয়মকানুন, বাজারদর ইত্যাদি বিষয় নিয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়ের পতঙ্গবিদ্যা বিভাগের প্রফেসর মো. আহসানুল হক স্বপন। তিনি মধুর রাসায়নিক বিশ্লেষণ, মধুর গুণাগুণ, মধু উত্পাদনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়সমূহ সম্পর্কে আলোচনা করেন। এছাড়া তিনি মধু সংগ্রহ, মধু প্রক্রিয়াজাতকরণ ও সংরক্ষণ সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট মধু গবেষক ‘আলওয়ান মধু’র স্বত্বাধিকারী সৈয়দ মুহাম্মদ মইনুল আনোয়ার। অনুষ্ঠানে মার্কেটিং পলিসি, মূল্য নির্ধারণে বিবেচ্য বিষয়সমূহ এবং এ সম্পর্কিত বক্তব্য দেন বিশিষ্ট ব্যবসায়ী ‘আহলান’-এর স্বত্বাধিকারী সাগর হাসনাত। অনুষ্ঠান সঞ্চালনা করেন মৌমাছি ও মধু গ্রুপের অ্যাডমিন এবং সোপান হানির প্রধান নির্বাহী আরিফুল ইসলাম।
