ভেজালমুক্ত পুষ্টিকর খাবার গ্রহণে ১০ লাখ স্কুলশিক্ষার্থীর শপথ

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২২:০২

ভেজালমুক্ত, নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে উত্সাহিত করার লক্ষ্যে দেশে কিশোর-কিশোরীদের নিয়ে শুরু হয়েছে ‘ভালো খাব, ভালো থাকব’ ক্যাম্পেইন। এখন পর্যন্ত দেশের আটটি বিভাগে প্রায় ১০ লাখ স্কুলশিক্ষার্থী অনলাইন প্ল্যাটফরমে নিবন্ধন করে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণের অঙ্গীকার করেছে।

সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক সংস্থা গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমফ্রুভড নিউট্রিশন (গেইন)-এর আয়োজনে ‘ভালো খাব, ভালো থাকব’ এই স্বপ্নপূরণের লক্ষ্য নিয়ে ২০১৯ সালের অক্টোবরে আনুষ্ঠানিকভাবে ক্যাম্পেইনটি শুরু হয়। দেশে করোনা পরিস্থিতির আগ পর্যন্ত প্রায় ৩ হাজার স্কুল শিক্ষার্থীরা অংশ নেয়। স্কুলগুলোতে শিক্ষকরা স্বাস্থ্যকর ও পুষ্টিকর খাবার গ্রহণে উত্সাহিত ও সচেতন করেন। ক্যাম্পেইনে শপথ গ্রহণের পাশাপাশি ভিডিও প্রদর্শনী, রচনা, পোস্টার প্রতিযোগিতা এবং কিশোর-কিশোরীদের প্রতিক্রিয়া তুলে ধরা হয়।

এই বছরের মার্চ মাসে করোনা পরিস্থিতির কারণে ক্যাম্পেইনে অনলাইন প্ল্যাটফরম ও সামাজিক যোগাযোগ মাধ্যমকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। করোনা পরিস্থিতিতে কিশোর-কিশোরীদের পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি রোগ প্রতিরোধে কি খাওয়া উচিত তা সোশ্যাল মিডিয়াতে তুলে ধরা হয়। প্রচার করা হয় বিশেষ কার্টুন সিরিজ। পাশাপাশি ‘ভালো খাব, ভালো থাকব’ এই ফেসবুক পেজে স্ট্যাটাস দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মোর্তুজা। স্ট্যাটাসে তিনি লিখেন, ‘প্রতিটি শপথ শিশুদের নিরাপদ খাবারে উত্সাহিত করবে।’ এছাড়া বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফরমে অংশ নেন তরুণ উদ্যোক্তা আইমন সাদিক, ফুড ব্লগার ইফতেখার রাফসান ও তারকা ফুটবলার জামাল ভূঁইয়া।

গেইনের বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ডা. রুদাবা খন্দকার বলেন, কিশোর-কিশোরীদের নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে উত্সাহিত করার লক্ষ্যে ২০১৯ সালের অক্টোবর মাসে এই ক্যাম্পেইন শুরু হয়। এই সময় পর্যন্ত ১০ লাখ শিক্ষার্থী নিরাপদ ও পুষ্টিকর খাবার গ্রহণে শপথ গ্রহণ করে। এই স্বল্প সময়ে এটা আমাদের একটা বড় অর্জন। এই সাফল্য অব্যাহত রাখতে আমাদের অংশীদার ও বেসরকারি উদ্যোক্তাদের কিশোর-কিশোরীদের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে পুষ্টিকর ও নিরাপদ খাবার সরবরাহ বাড়ানোর আহ্বান জানাচ্ছি।