করোনা ভাইরাস উদ্ভূত পরিস্থিতি এবং শিক্ষার্থীদের নিরাপদ ভবিষ্যত্ কর্মজীবনের জন্য বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনার্স ও মাস্টার্স পর্যায়ে সর্বশেষ সেমিস্টারের ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।
গতকাল সোমবার এ নির্দেশনা দেশের সব বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারকে পাঠানো হয়েছে। এই নির্দেশনা শুধু অনার্স ও মাস্টার্স পর্যায়ের সর্বশেষ সেমিস্টারের ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
নির্দেশনা অনুযায়ী, এক দিনে একটি প্রোগ্রামের একটির বেশি ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষা গ্রহণ করা যাবে না। স্বাস্থ্যসেবা বিভাগের স্বাস্থ্যবিধি ও বিশ্বস্বাস্থ্য সংস্থার নির্দেনা (যেমন—বাধ্যতামূলক ফেস মাস্ক পরিধান, শারীরিক দূরত্ব, ক্যাম্পাস ও ক্লাসে স্যানিটাইজার সরবরাহ নিশ্চিতকরণ ইত্যাদি) কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়া প্রতি ক্লাসে একসঙ্গে অনধিক ১০ জন শিক্ষার্থীর অংশগ্রহণে ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষা সম্পন্ন করতে হবে।
নির্দেশনায় আরো বলা হয়, শিক্ষার্থীদের ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষা শুরুর কেবলমাত্র আধাঘণ্টা আগে ক্যাম্পাসে প্রবেশ এবং তা শেষ হওয়ার ১০ মিনিটের মধ্যে ক্যাম্পাস হতে প্রস্থান নিশ্চিত করতে হবে। ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষার হলে প্রতিজন শিক্ষার্থীর মধ্যে দূরত্ব থাকতে হবে ন্যূনতম ছয় ফুট। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও উক্ত দূরত্ব বজায় রাখার বিষয়টি নিশ্চিত করতে হবে । ্ব্যাবহারিক ক্লাস ও পরীক্ষার কারণে কোনো শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী করোনা ভাইরাসে আক্রান্ত হলে তার চিকিত্সার ব্যবস্থা করা স্ব স্ব বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব। এ ব্যাপারে কমিশন কোনো দায়ভার গ্রহণ করবে না।
