ফ্রান্সে ব্যঙ্গ ম্যাগাজিন শার্লি এবদোতে প্রকাশিত বিতর্কিত ব্যঙ্গচিত্র প্রদর্শনের প্রতিবাদে সরকারকে তিন দফা দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। দাবিগুলো হলো—ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন, রাষ্ট্রদূতকে বহিষ্কার এবং দূতাবাস বন্ধ করে দেওয়া। এছাড়া ফ্রান্সের সব পণ্য বর্জনের জন্য আহ্বান জানানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির বিক্ষোভ মিছিল থেকে এ ঘোষণা দেন হেফাজতের মহাসচিব আল্লামা হাফেজ জুনায়েদ বাবুনগরী।
দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর পল্টন মোড় থেকে ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচির মিছিল শুরু হয়। মিছিলে নেতৃত্ব দেন হেফাজতের শীর্ষনেতা আল্লামা জুনায়েদ বাবুনগরী ও ঢাকা মহানগর হেফাজতে আমির মাওলানা নূর হোসেন কাসেমী। দুপুর পৌনে ১টার দিকে মিছিলটি বেইলি রোডের সামনে গেলে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়। পরে হেফাজতের নেতারা সেখানে দাঁড়িয়ে সংক্ষিপ্ত বক্তব্য দেন। মোনাজাতের মাধ্যমে ঘেরাও মিছিল সমাপ্ত করেন নূর হোসেন কাসেমী। দলীয় সিদ্ধান্তে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তিনি। এর আগে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাকায় ফজর নামাজের পর ভোর ৬টা থেকে দেশের বিভিন্ন স্থান থেকে কওমি মাদ্রাসার আলেম-ওলামা, ছাত্র ও মুসল্লিরা সমবেত হতে থাকেন। এতে বিজয়নগর, প্রেস ক্লাব থেকে পল্টন, গুলিস্তান সড়ক বন্ধ করে দেওয়া হয়। আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। সভাপতির বক্তৃতায় ঢাকা মহানগর হেফাজতের সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী অবিলম্বে বাংলাদেশের ফ্রান্স দূতাবাস বন্ধ করা, সংসদে নিন্দা প্রস্তাব পাস ও ফ্রান্সের পণ্য বর্জনের আহ্বান জানান।
সমাবেশে আরো বক্তব্য দেন হেফাজত নেতা, খেলাফত আন্দোলনের আমিরে শরিয়ত মাওলানা শাহ আতাউল্লাহ ইবনে হাফেজ্জী হুজুর, মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা আব্দুল্লাহ মোহাম্মদ হাসান, মাওলানা মাহফুজুল হক, মাওলানা আবদুর রব ইউসুফী, মাওলানা মামুনূল হক, ড. আহমদ আব্দুল কাদের, মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা হাসান জামিল প্রমুখ।
যানজট :বিশাল বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে সম্ভাব্য রাস্তাঘাট আগেই বন্ধ ও ডাইভারশন করে দেয় পুলিশ। যে কারণে বিক্ষোভ মিছিল শুরুর আগেই সড়কে আটকে যায় সব যানবাহন। যানজটের কারণে যানবাহন চলাচল না করায় বেশির ভাগ মানুষকে পায়ে হেঁটে গন্তব্যে যেতে দেখা যায়।
