রিটের শুনানি ১৬ নভেম্বর পর্যন্ত মুলতবি

আপডেট : ০২ নভেম্বর ২০২০, ২২:৪৩

সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যুর ঘটনার বিচার বিভাগীয় তদন্ত চেয়ে দায়েরকৃত রিট আবেদনের শুনানি দুই সপ্তাহ মুলতবি করেছে হাইকোর্ট। মামলাটির তদন্ত যেহেতু চলমান সেহেতু আদালত এ পর্যায়ে হস্তক্ষেপ করেনি। রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়েছে, তদন্ত শেষ হলেই পুলিশ দ্রুত চার্জশিট দাখিল করবে। এ পর্যায়ে বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ভার্চুয়াল বেঞ্চ আগামী ১৬ নভেম্বর পর্যন্ত শুনানি মুলতবির আদেশ দেয়। এ সময় রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ রাসেল চৌধুরী ও রিট আবেদনের পক্ষে আইনজীবী সৈয়দ ফজলে এলাহী উপস্থিত ছিলেন।

গত ১১ অক্টোবর সিলেটের বন্দরবাজার পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে রায়হানকে নির্মম নির্যাতন করে হত্যা করে পুলিশ। এ ঘটনায় ফাঁড়ির কর্তব্যরত     কয়েক জন পুলিশ সদস্যকে গ্রেফতার করা হয়। তবে ঘটনার মূল হোতা এসআই আকবরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রায়হানের মৃত্যুর ঘটনায় তার স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বাদি হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেন।