ফরাসি ম্যাগাজিন শার্লি হেবদোতে বিতর্কিত কার্টুন প্রকাশের ঘটনায় ফ্রান্সের প্রেসিডেন্টকে সমর্থন এবং তার উদ্যোগকে স্বাগত জানিয়ে ও প্রশংসা করে ফেসবুকে স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা বাজার থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর গ্রামের দুটি বাড়িতে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় পৃথক তিনটি মামলা হয়েছে। এর মধ্যে একটিতে ৯১ জন, অপরটিতে ৮৫ জন ও আরেকটি মামলায় ৮৭ জনকে আসামি করা হয়েছে। আরো দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঐ ঘটনার পর গতকাল সোমবার পার্শ্ববর্তী আন্দিকোট ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। এদিকে গতকাল সকালে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন কোরবানপুর গ্রামে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, এখানে ধর্মীয় বিষয়ের চেয়ে হামলাকারীদের ব্যক্তিগত শত্রুতা ও আক্রোশ বেশি ছিল বলে ধারণা করা হচ্ছে।
বাঙ্গরা বাজার থানার ওসি মো. কামরুজ্জামান তালুকদার জানান, কোরবানপুর গ্রামের পাঁচ জনকে গ্রেফতার করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে থানার পূর্বধইর পূর্ব ইউনিয়নের পার্শ্ববর্তী আন্দিকোট ইউনিয়নে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এলাকায় পুলিশ, বিজিবি ও র্যাব মোতায়েন রাখা হয়েছে।
