রাজধানীর কদমতলীতে সড়ক দুর্ঘটনায় সাদিয়া আক্তার নামে আড়াই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে তার বাসার সামনেই এ দুর্ঘটনা ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় দায়ী গাড়িটিকে শনাক্ত করতে পারেনি পুলিশ।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার হরিনামারী এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাদিয়া।
শিশুটির চাচা সাহেদ মিয়া জানান, কদমতলীর চাঁদ টেক্সটাইল এলাকায় পরিবারের সঙ্গে থাকত শিশু সাদিয়া। গতকাল দুপুরে সে বাসার সামনের রাস্তায় খেলছিল। এ সময় কোনো এক গাড়ির ধাক্কায় সে ছিটকে পড়ে। আশপাশের লোকজন তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। সেখানে দুপুর আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত গাড়িটি শনাক্তের চেষ্টা চালাচ্ছে কদমতলী থানা পুলিশ।
