গৌরীপুরে শুভ্র হত্যার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ০০:২৭

মেয়র প্রার্থী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান শুভ্র হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল সোমবার বিক্ষোভকারীরা গৌরীপুর পৌর শহরের ঐতিহাসিক হারুণ পার্কের মূল সড়কে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

অন্যদিকে গৌরীপুর পৌরসভার ৩ ও ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে স্থানীয় ইসলামবাদ সিনিয়র মাদ্রাসায় জ্যোতিষ চন্দ্র বর্মনের সভাপতিত্বে শুভ্রর স্মরণে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান, শুভ্রর চাচা ও সাবেক ছাত্রলীগ নেতা সাদেকুর রহমান সেলিম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আ. মুন্নাফ, সাবেক ভিপি আবুল কালাম আজাদ, পৌর কাউন্সিলর আব্দুল কাদির, শুভ্রর ছোট ভাই আবিদুর রহমান প্রান্ত।

বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সহসভাপতি ফারুক মিয়া, সাংগঠনিক সম্পাদক টিপু সুলতান, ডেভিড রকি, অচিন্তপুর ইউনিয়ন সভাপতি আশিক নূরী, সাধারণ সম্পাদক জুয়েল মিয়া, গৌরীপুর ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহিন মাহ্মুদ প্রমুখ।

উল্লেখ্য, গৌরীপুর পৌরসভার পানমহালে ১৭ অক্টোবর রাতে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে মাসুদুর রহমান শুভ্রকে। নিহতের ছোট ভাই বাদী হয়ে ১৯ অক্টোবর গৌরীপুর থানায় মামলা করেন। মামলায় প্রধান আসামি করা হয়েছে উপজেলা বিএনপির (একাংশের) যুগ্ম-আহ্বায়ক ও মইলাকান্দা ইউনিয়নের চেয়ারম্যান রিয়াদুজ্জামান রিয়াদকে।

ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ (ডিবি) অফিসার ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ জানান, গ্রেফতারকৃত ছয় জন জেলহাজতে রয়েছে।