বিশ্ব জুড়ে গণতন্ত্র ধসে পড়েছে বলে এক খোলা চিঠিতে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের অধ্যাপক ও বিশেষজ্ঞরা। মঙ্গলবার মার্কিন নির্বাচনকে সামনে রেখে তারা বলছেন, গণতন্ত্রের এই সংকট জনতুষ্টিবাদী ও ফ্যাসিস্ট ডোনাল্ড ট্রাম্পের হাত ধরে আসেনি, আবার তার বিদায়েও এটা বিদায় নেবে না। তবে গণতন্ত্রের সুরক্ষার জন্য এখনো সময় আছে বলে মনে করছেন তারা। এজন্য জনসাধারণকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তারা। খবর দ্য গার্ডিয়ানের
যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৮০ জনেরও বেশি অধ্যাপক ও স্কলার রবিবার প্রকাশিত ওই চিঠিতে স্বাক্ষর করেছেন। গণতন্ত্র ঝুঁকির মুখে থাকার পক্ষে ইতিহাসবিদরা যেসব সতর্ক সংকেতের কথা উল্লেখ করেছেন তার মধ্যে রয়েছে ভুল তথ্য ছড়ানো, অসমতা, অভ্যন্তরীণ শত্রুদের মধ্যে রাজনীতি এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত সহিংসতা। গণতন্ত্রের সুরক্ষায় এগিয়ে আসতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়ে চিঠিতে বলা হয়, ক্ষমতায় যারা আছে এবং যেসব নজরদারি ও মিলিশিয়া বাহিনী আমাদের গণতন্ত্রকে অস্থিতিশীল করে তুলতে রাজনৈতিক সহিংসতাকে ব্যবহার করছে তাদের মধ্যকার সব সংযোগ উন্মোচন করে তার নিন্দা জানাতে হবে আমাদের।’
