মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে প্রেসিডেন্ট নির্বাচনে দেয়া এক লাখ ২৭ হাজার আগাম ভোট বাতিলের দাবি তুলে ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা। টেক্সাস শহরের আদালতে এসব ভোট সংবলিত ব্যালটগুলো অবৈধ ঘোষণার দাবিতে শরণাপন্ন হয় তারা। গতকাল সোমবার (২ নভেম্বর) শুনানি শেষে ট্রাম্প সমর্থকদের এ আবেদন খারিজ করে দিয়েছেন টেক্সাসের ফেডারেল বিচারক অ্যান্ড্রু হ্যানেন বলে জানিয়েছে মার্কিন গণমাধ্যম দ্য হিল।
রায়ে আদালত বলেন, অক্টোবরের মাঝামাঝি থেকে লোকজন ভোট দিচ্ছেন। আর এসব ভোট বাতিলের আবেদনটি এসেছে গত সপ্তাহের শেষ দিকে।
দ্য হিল বলছে, বিচারক অ্যান্ড্রু হ্যানেন মূলত একজন রিপাবলিকান সমর্থক। তার নিয়োগ হয়েছিল সাবকে রিপাবলিকান প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের সময়। রিপাবলিকান সমর্থক হলেও আলামতের অভাবে তিনি ট্রাম্প সমর্থকদের আবেদন মঞ্জুর করেননি।
এ প্রসঙ্গে হ্যানেন বলেন, প্রাপ্ত আলামতের স্বাপেক্ষে রায় দিয়েছে আদালত। যেসব আলামত এসেছে তাতে আমি সন্তুষ্ট হতে পারিনি। কিন্তু আইন এভাবেই চলে।
এদিকে, আজ মঙ্গলবার অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্রের বহুল প্রতিক্ষীত প্রেসিডেন্ট নির্বাচন। বাংলাদেশসহ গোটা বিশ্বের নজর এই নির্বাচনের দিকে। কারণ বিশ্বের ক্ষমতাধর ব্যক্তিকে আজ নির্বাচিত করবেন মার্কিনিরা। হোয়াইট হাউজ দখলের এই লড়াইয়ে রয়েছেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। এখন পর্যন্ত বিভিন্ন জরিপে যুক্তরাষ্ট্র জুড়ে এগিয়ে রয়েছেন বাইডেন।
আর বড় ব্যবধানে পিছিয়ে রয়েছেন ট্রাম্প। কিন্তু ব্যতিক্রমী ইলেকটোরাল কলেজ ভোট পদ্ধতির কারণে শেষ হাসি কে হাসবেন, সেটা বলতে পারছেন না কেউই। শেষ মুহূর্তে তাই জয় নির্ধারণী সুইং বা দোদুল্যমান রাজ্যগুলোতে দৌড়ঝাঁপ চলছে দুই প্রার্থীর।
ইত্তেফাক/টিআর/এসআর
