‘নারায়ণগঞ্জে ধর্ষণ-কিশোর গ্যাং করোনার চেয়েও ভয়াবহ রূপ নিয়েছে’

আপডেট : ০৩ নভেম্বর ২০২০, ২১:৪৩

নারায়ণগঞ্জে ধর্ষণ এবং কিশোর গ্যাং কালচার করোনার চেয়েও ভয়াবহ মহামারিতে রূপ নিয়েছে বলে উল্লেখ করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম। তিনি বলেন, অভিভাবক, শিক্ষকমণ্ডলী, জনপ্রতিনিধিসহ সামাজিকভাবে প্রতিরোধ করতে না পারলে সমাজের এই দুই অপরাধ দমন করা সম্ভব হবে না।

মঙ্গলবার বিকালে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় আয়োজিত কমিউনিটি পুলিশিং ওপেন হাউস ডেতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

নারায়ণগঞ্জের পুলিশ সুপার আরো বলেন, আমাদের সবার অসচেতনতার কারণেই ধর্ষক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধী সৃষ্টি হচ্ছে। যা ভয়াবহ অবস্থায় রূপ নিয়েছে। গত ১০ মাসে জেলায় ১০১টি ধর্ষণ মামলা নথিভুক্ত হলেও এর মধ্যে ৮৪টি মামলার ঘটনা প্রাপ্ত অপ্রাপ্ত বয়সের ছেলে-মেয়ের প্রেমঘটিত ব্যাপার এবং বাকি অধিকাংশ মামলা পরকীয়া প্রেমের ঘটনা। ছেলে-মেয়ে এবং নারী-পুরুষের উভয়ের স্বেচ্ছায় শারীরিক সম্পর্ক সৃষ্টি হয়ে পরবর্তীতে অভিভাবকদের মাধ্যমে ঘটনাগুলো ধর্ষণ মামলায় রূপ নিচ্ছে। এছাড়া গত ১০ মাসে জেলায় বিভিন্ন অপরাধের কারণে ১৪ হাজার অপরাধীকে আইনের আওতায় আনা হলেও অপরাধ বন্ধ হচ্ছে না।

তাই পুলিশের একার পক্ষে ধর্ষণ ও কিশোর গ্যাং দমন করা সম্ভব নয় দাবি করে এসব অপরাধ নির্মূল করতে হলে পাড়া মহল্লায় কমিটি গঠনসহ সভা সমাবেশ ও সেমিনারের আয়োজন করে জনসচেতনতা বাড়ানোর আহবান জানান মোহাম্মদ জায়েদুল আলম। পাশাপাশি ধর্মীয় চেতনায় সন্তানদের উদ্বুদ্ধ করতে অভিভাবকদের প্রতি তাগিদ দেন তিনি। 

ইত্তেফাক/জেডএইচ