মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হারিয়ে নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হবেন ডেমোক্র্যাটিক প্রার্থী জো বাইডেন। এমনটি মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের (হাউজ অব রিপ্রেসেন্টেটিভ) স্পিকার ডেমোক্রেটিক পার্টির নেতা ন্যান্সি পেলোসি।
জো বাইডেনই পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন এমন দৃঢ় আশাবাদ ব্যক্ত করে পেলোসি বলেন, এই নির্বাচন যুক্তরাষ্ট্রের আত্মা ফিরিয়ে আনার নির্বাচন। জাতিকে সিদ্ধান্ত নিতে হবে তারা ভয় নিয়ে বাঁচতে চায় নাকি আশায় বুক বাঁধতে চায়। তবে আমি নিশ্চিত জো জিতবেন। এতে মার্কিনিরা আশায় বুক বাঁধতে পারবেন।
এদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে চূড়ান্ত ভোটগ্রহণ শুরু হয়েছে। দেশটিতে প্রথম ভোটগ্রহণ শেষ হবে স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যা ৭টায়। যদিও একেক রাজ্যে ভোট শেষ হওয়ার সময় একেক রকম। সাধারণত নির্বাচনের রাতেই ফলাফল জানা যায়। তবে এবার চূড়ান্ত ফল ঘোষণায় কিছুটা সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।
মার্কিন গণমাধ্যমগুলো থেকে জানা যায়, এ বছর প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির মোট ২৪ কোটি ভোটারের মধ্যে ভোট দেয়ার জন্য নিবন্ধন করেছেন ১৯ কোটি। কিন্তু এদের মধ্যে বেশিরভাগেই অংশ নিয়েছে আগাম ভোটে। করোনা ভাইরাসের কারণেই আগাম ভোটে বেশি আগ্রহী ছিল দেশটির নাগরিকরা। সেদিক থেকে ১০ কোটির বেশি ইতোমধ্যে আগাম ভোট দিয়েছেন।
ইত্তেফাক/টিআর
