জোর করে স্কুলছাত্রীর বাড়িতে ঢোকার চেষ্টা, যুবলীগ নেতা গ্রেফতার

আপডেট : ০৪ নভেম্বর ২০২০, ২৩:০৩

বগুড়ার ধুনট উপজেলায় মাদক সেবন করে একটি বাড়িতে জোর করে ঢোকার সময় এক যুবলীগ নেতাকে আটক করেন স্থানীয় জনতা। পরে তাঁকে ধুনট থানা পুলিশে সোপর্দ করা হয়।  

বুধবার (৪ নভেম্বর) দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।  গ্রেফতার হওয়া যুবলীগ নেতার নাম সুলতান মাহমুদ ওরফে সুজন (২৭)। তিনি উপজেলার গোসাইবাড়ি ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলার পশ্চিম গুয়াডহরী গ্রামের বাসিন্দা।

এ ব্যাপারে ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) আকবর হোসেন বলেন, সুলতান মাহমুদকে মাদক সেবনের অভিযোগে করা মামলায় গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার রাত নয়টার দিকে গোসাইবাড়ি সাতমাথা এলাকায় জনতার হাত থেকে তাঁকে উদ্ধার করে থানায় আনা হয়।

আরো পড়ুনঃ পোড়া তেল ও মবিল প্রক্রিয়া করে রান্নার তেল তৈরি 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতে সুলতান মাহমুদ গোসাইবাড়ি সাতমাথা এলাকায় এক স্কুলছাত্রীর বাড়িতে মাতাল অবস্থায় জোর করে ঢোকার চেষ্টা করেন। এ সময় স্থানীয় লোকজন তাঁকে বাধা দেয়। এতে তিনি মাতাল অবস্থায় গালিগালাজ করতে থাকেন। স্থানীয় লোকজন তাঁকে আটক করে রাখেন। খবর পেয়ে থানা-পুলিশ সেখান থেকে সুলতানকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। রাতেই সুলতান মাহমুদ দাবি করেন, ‘আমার ছোট ভাই দেশের বাইরে চাকরি করছে। পরিবারের সম্মতিক্রমে ওই স্কুলছাত্রীর সঙ্গে আমার ভাইয়ের বিয়ের কথা চলছে। ওই বিষয়ে কথা বলতে স্কুলছাত্রীর বাড়িতে গিয়েছিলাম। কিন্তু ওই বাড়ির লোকজন আমাকে ঢুকতে না দিয়ে আটকে রেখে মারধর করেছে।’ 
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) গাজীউর রহমান বলেন, স্কুলছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। সুলতান মাহমুদের বিরুদ্ধে মাদক সেবনের অভিযোগে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএম