কুমিল্লায় হত্যা মামলার আসামি এক মায়ের সাথে ১৫ দিন কারাবাসের পর মুক্তি পেল ৭ মাসের শিশু মাহাদী হাসান। মামলায় আত্মসমর্পণ করলে আদালত শিশু মাহাদী হাসানসহ তার মা শাহনাজ আক্তারকে কারাগারে প্রেরণ করে। পরে তদন্ত কর্মকর্তার আবেদনে শিশু ছেলেকে নিয়ে ২ দিনের রিমান্ডের মুখোমুখিও হন ওই আসামি (মা)।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আতাব উল্লাহ মানবিক বিবেচনায় শিশুসহ শাহনাজ আক্তারকে জামিনের আদেশ দেন।
মামলার আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো: তাজুল ইসলাম জানান, ২০১৮ সালের ১ সেপ্টেম্বর কুমিল্লা নগরীর মনোহরপুর এলাকায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন আয়েশা আক্তার রীমা নামের এক গৃহবধূ। এই মৃত্যুর ঘটনায় গৃহবধূ রীমার বাবা তার স্বামী নাসির উদ্দিন, ভাসুর মাসুম ও তার স্ত্রী শাহনাজ বেগমকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় গত ১৯ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন শাহনাজ আক্তার। এসময় ৭ মাসের শিশুসহ তাকে কারাগারে প্রেরণের আদেশ দেয় আদালত।
ইত্তেফাক/এমএএম
