ঋত্বিকের স্মৃতি সংরক্ষণের দাবি

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১২:৩৪

বুধবার উপমহাদেশের বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের ৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজশাহী হোমিওপ্যাথি মেডিকেল কলেজ হাসপাতালে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আর সেখানেই, কিংবদন্তি এই চলচ্চিত্র নির্মাতার স্মৃতি সংরক্ষণের দাবি জানান বক্তারা। মোমবাতি প্রজ্বালন এবং ধ্রুপদালোক রাজশাহীর উদ্বোধনী নৃত্যর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়।

রাজশাহী ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সভাপতি ড. এফএমএ জাহিদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি শাহীন আকতার রেনী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভারতীয় সহকারী হাই কমিশনার সঞ্জিব কুমার ভাটি, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নজরুল ইসলাম, লেখক ও গবেষক ড. তসিকুল ইসলাম রাজা, কবি ও শিক্ষাবিদ অধ্যাপক রুহুল আমিন প্রামাণিক, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ আনিসুর রহমান।

আলোচনা সভায় বক্তারা জানান, নতুন প্রজন্মের কাছে এই কিংবদন্তির কর্মজীবন ও দর্শনকে তুলে ধরা আমাদের দায়িত্ব। তার মতো চিন্তাশীল, মুক্তমনা ও স্ব-মহিমায় আলোকিত মানুষকে অনুশীলন করতে পারলে বর্তমান সমাজ, সভ্যতা ও সংস্কৃতি প্রতিটি ক্ষেত্র উপকৃত হবে।

অনুষ্ঠানে বক্তারা ঋত্বিক ঘটকের বর্ণাঢ্য জীবনের চিত্র তুলে ধরেন। চলচ্চিত্র জগতে তার অবদানের কথাও বর্ণনা করেন। তারা আরও জানান, ঋত্বিক ঘটক মাত্র ৫১ বছর বয়সেই পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তথ্যচিত্র ও প্রামাণ্যচিত্র নির্মাণ করেছিলেন। বেশ অনেকগুলো কাহিনীচিত্র, তথ্যচিত্রের কাজ শুরু করলেও তা শেষ করে যেতে পারেননি।

ঋত্বিক ঘটকের এই ঐতিহ্যকে ধরে রাখতে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের পক্ষ থেকে সকল ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান মেয়রপত্নী শাহীন আকতার রেনী।

সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সভাপতি ড. সাজ্জদ বকুল, রাজশাহী ফিল্ম সোসাইটির সভাপতি আহসান কবীর লিটন। এছাড়া স্বাগত বক্তব্য দেন ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মাহমুদ হোসেন মাসুদ।

প্রসঙ্গত, ১৯২৫ সালে ৪ নভেম্বর ঢাকায় জন্মগ্রহণ করা ঋত্বিক ঘটক, ১৯৭৬ সালের ৬ ফেব্রুয়ারি কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

ইত্তেফাক/পিএস