কালিয়ায় প্রকাশ্যে সরকারি গাছ কর্তন

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ১৬:৪৯

নড়াইলের কালিয়ায় প্রকাশ্যে প্রায় অর্ধ লক্ষ টাকার সরকারি গাছ কেটে নিয়েছেন স্থানীয় প্রভাবশালীরা। গতকাল বুধবার (৪ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কালিয়া-পাটনা সংযোগ সড়কের পাটনা কমিউনিটি ক্লিনিকের পাশ থেকে গাছগুলো কেটে নেওয়া হয়।

স্থানীয়রা জানান, ওইদিন সকাল থেকে উপজেলার পাটনা গ্রামের মৃত জ্ঞানেন্দ্র নাথ বিশ্বাসের ছেলে শ্যামল বিশ্বাস, নন্দ বিশ্বাস ও সুইট বিশ্বাস ওই সড়কের পাশের আটটি মূল্যবান ও বহু পুরাতন শিমুল গাছ কাটতে শুরু করে এবং সন্ধ্যা পর্যন্ত কেটে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। 

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় অভিযোগ করে বলেন, সরকারি গাছ কেটে নেওয়ার বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো প্রতিকার হয়নি। 

আরও পড়ুন: বোনকে নির্যাতনের প্রতিবাদ করায় ভাইকে পিটিয়ে হত্যা

অভিযুক্ত সুইট বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, গাছ কাটার ঘটনায় তিনি জড়িত নন। তবে তার ভাইয়েরা গাছগুলো কেটেছে। এর আগেও অনেকে সরকারি গাছ কেটে নিয়েছেন। 
তবে অভিযুক্ত অপর দুইজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তা সম্ভব হয়নি। 

কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেন, ঘটনাটি শুনেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ইত্তেফাক/এসি