বাবার নছিমনের চাকায় পিষ্ট কন্যাশিশুর মৃত্যু

আপডেট : ০৫ নভেম্বর ২০২০, ২০:৪৫

বাবার নছিমনের চাকায় পিষ্ট হয়ে দেড় বছরের শিশুকন্যার মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শিশুর নাম ফাতেমা। তার বয়স দেড় বছর। 

নছিমন চালক মোমিন সকালে তার বাড়িতে রাখা নছিমন প্রতিদিনের মতো বাইরে নেওয়ার জন্য স্টার্ট দিতে যান। সেটি স্টার্ট না হওয়ায় মোমিনসহ তার বাড়ির লোকজন মিলে সেটিকে পিছন থেকে ধাক্কা দিতে থাকে। তারা ঠেলে ঠেলে নছিমনকে বাইরে আনতে থাকে। এরই মধ্যে বাড়িতে থাকা তার কন্যা ফাতেমা সবার অলক্ষ্যে গাড়ির চাকার সামনে পড়ে পিষ্ট হয়। লোকজন শিশুটিকে দ্রুত চাকার নিচ থেকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

এ ব্যাপারে ধর্মগড় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সফিকুল ইসলাম মুকুল জানান, নছিমনের চাকায় পড়ে একটি কন্যাশিশুর মৃত্যুর খবর পেয়েছি। বিষয়টি থানা পুলিশকে জানাতে বলেছি। 

থানার ওসি (তদন্ত) ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অসাবধানতার কারণে এ দুর্ঘটনায় শিশুটির মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির লাশ দাফনের কথা বলা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ