তালতলীতে বরফ সঙ্কটে ইলিশ শিকার ব্যাহত, মিল মালিকদের দুষছেন জেলেরা

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ১৬:৪২

তালতলীর ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রে দ্বিগুণ দামে বরফ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। বরফ কল মালিকরা বিদ্যুতের লোডশেডিং এবং কম ভোল্টেজের অজুহাত দেখিয়ে কৃত্রিমভাবে বরফ সঙ্কট দেখিয়ে বাড়তি দামে বরফ বিক্রি করছেন। তবে বিদ্যুৎ বিভাগ বলছে, এগুলো মিল মালিকদের মনগড়া কথা। বরফ সঙ্কটে ঘাটে নোঙ্গর করা শতাধিক ট্রলার সমুদ্রে ইলিশ শিকারে যেতে পারছে না। 

খোঁজ নিয়ে জানা যায়, বরগুনার তালতলী উপজেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের বরফ কল মালিকরা বিদ্যুতের ভোল্টেজ কম ও বিভ্রাটের অজুহাতে বরফের কৃত্রিম সঙ্কট করে দ্বিগুণ দামে বরফ বিক্রি করছে। সচরাচর প্রতিটি বরফের ক্যান  ১৬০ থেকে ২০০ টাকায় বিক্রি করা হতো। যা এখন চারশ থেকে পাঁচশ টাকায় বিক্রি করা হচ্ছে। বাধ্য হয়ে বাড়তি দামে বরফ কিনতে হচ্ছে এখানকার জেলেদের। তার ওপর বরফের সঙ্কট থাকায়  শতাধিক ট্রলার নোঙ্গর করা রয়েছে জেলার ফকিরহাট মৎস্য অবতরণ কেন্দ্রের ঘাটে। এতে অবরোধের সময় জেলেরা ২২ দিন করহীন হয় অভাব অনটনে দিন পার করার  পরেও ঘাটে বসে অলস সময় পার করছে শতাধিক ট্রলারের প্রায় এক হাজার পাঁচশ জেলে।

স্থানীয় জেলে কালাম তালুকদার, শামিম, হাসেম আলীসহ একাধিক জেলে বলেন, ধার-দেনা করে  সাগরে যাওয়ার জন্য ট্রলার প্রস্তুত রেখেছি। কিন্তু দুইশ টাকার বরফ পাঁচশ টাকায়ও  নিতে না পারায় দুইদিনেও সাগরে যেতে পারিনি। 

আরও পড়ুন: পাবনায় পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষক

বরফের বাড়তি দামের বিষয়ে ফকিরহাটের হাওলাদার আইসপ্লানের মালিক আল আমিন বলেন, এই মৌসুমে বরফের চাহিদা থাকে তাই একটু বেশি দামে বিক্রি করি। তিনি আরও বলেন,  বরফ তৈরির সঠিক সময়েই বিদ্যুৎ বিভ্রাট বেশি হয়। ভোল্টেজ অনেক কম। এর কারণে বরফ উৎপাদন বিগ্ন হচ্ছে। তাই বরফের সঙ্কট হয়েছে। 

এবিষয়ে কলাপাড়া পল্লী বিদ্যুৎ জোনের ডিজিএম শহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎ বিভ্রাটের কোনো সুযোগ নেই। তালতলীতে আগে ভোল্টেজ কম ছিলো। তার জন্য ভোল্টেজ বেশি পাওয়ার জন্য তিনটি ভোল্টেজ মেশিন বসিয়েছি। এটা বরফমিল মালিকদের মনগড়া কথা।

ইত্তেফাক/এসি