রংপুরে রেস্ট হাউজ থেকে নারীর লাশ উদ্ধার

আপডেট : ০৬ নভেম্বর ২০২০, ২০:০৬

রংপুর মহানগরীর স্টেশন এলাকার বসুন্ধরা আবাসিক হোটেল থেকে আরজিনা বেগম নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, ধর্ষণের পর ওই নারীকে হত্যা করে পালিয়ে যায় স্বামী পরিচয়ের সঙ্গী। পুলিশ জিজ্ঞাসাবাদে দুইজনকে আটক করেছে। 

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন জানান, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করা হচ্ছে। ময়না তদন্তের পর পুরো বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। জিজ্ঞাসাবাদের জন্য হোটেলের মালিক রফিকুলের ভাই মফিজুল ইসলাম ও  ম্যানেজার মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। 

আরও পড়ুন: তালতলীতে বরফ সঙ্কটে ইলিশ শিকার ব্যাহত, মিল মালিকদের দুষছেন জেলেরা

তিনি আরও বলেন, বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ৯টার দিকে আরজিনা বেগম এবং সাইফুল ইসলাম নিজেদের স্বামী-স্ত্রী পরিচয় এবং চিকিৎসার জন্য কারণ দেখিয়ে ওই হোটেলের ৫ নম্বর রুমে ওঠেন। শুক্রবার সকাল ৮টার দিকে সাইফুল ট্রেনের টিকেট কেনার জন্য বের হয়ে গেলেও আর ফিরে আসেনি। এরই মধ্যে হোটেলের মহিলা আয়া রুম পরিষ্কার করতে গিয়ে আরজিনার লাশ খাটের ওপর পড়ে থাকতে দেখেন। দুপুর সাড়ে ১২টার দিকে  বিষয়টি পুলিশকে খবর দেওয়া হলে আরপিএমপি ছাড়াও পিবিআই ও সিআইডির দুটি টিম ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার ও সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠায়। হোটেলের রেজিস্টারে তাদের বাড়ি দিনাজপুরের বিরল উপজেলার ফারাক্কা গ্রাম লেখা আছে।

ইত্তেফাক/এসি