বগুড়ার শেরপুরে মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছন থেকে যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই ট্রাকের চালক ও তার সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুটি ট্রাকের চালক গুরুতর আহত হয়েছেন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার কুসুম্বী ইউনিয়নের বাগড়া কলোনি গ্রামের হবিবর রহমানের ছেলে ট্রাক চালক মো. আবু বকর সিদ্দিক (৩০) ও তার সহকারী একই গ্রামের নুরুল ইসলামের ছেলে মো. আবু সাঈদ (২৮)।
আরও পড়ুন: কসবায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত
হাইওয়ে পুলিশের শেরপুর দশমাইল ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আশরাফ আলী জানান, মহাসড়ক সম্প্রসারণ কাজে নিয়োজিত দুইটি ট্রাক ওই জায়গায় দাঁড়িয়ে ছিল। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী রেজভি পরিবহনের একটি যাত্রীবাহী বাস ট্রাকগুলোর পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে একটি ট্রাকের চালক ও তার সহকারী নিহত হন। আর আরেক ট্রাকের চালক মো. জাকির হোসেন ও মো. সৈকত মিয়া আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক জব্দ করা গেলেও বাসের চালক ও সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা নেওয়া হবে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা।
ইত্তেফাক/এসি
