মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয়ের দ্বারপ্রান্তে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভোট গণনায় 'জালিয়াতির' যে অভিযোগ তুলেছেন সেটি নিয়ে তার দল রিপাবলিকান পার্টিতে চরম মতভেদ দেখা দিয়েছে। ট্রাম্পও মনে করছেন রাজপথ এবং গণমাধ্যমে সমর্থকদের কাছ থেকে পর্যাপ্ত সমর্থন পাচ্ছেন না । এমন পরিস্থিতিতে তিনি ক্ষুব্ধ এবং হতাশ হয়ে পড়েছেন বলে দাবি করেছে ঘনিষ্ঠ কিছু সূত্র। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের একটি প্রতিবেদনে এমনটি বলা হয়েছে ।
ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে সিএবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার ক্ষুব্ধ ট্রাম্প প্রচুর টিভি দেখছেন এবং একটু পর পর ফোন দিয়েছেন।
সূত্র আরো জানায়, নির্বাচনে পরাজয় ঠেকাতে আইনি লড়াই চালানোর ঘোষণা দিলেও ট্রাম্প শিবির এখনো কোনো কৌশল নির্ধারণ করতে পারেনি।
জানা গেছে, হোয়াইট হাউজের অনেক জ্যেষ্ঠ কর্মকর্তা ট্রাম্পের পিছিয়ে পড়ার ইঙ্গিত স্পষ্ট হতেই তার সঙ্গ ছাড়তে শুরু করেছেন। এমনকি ট্রাম্পের নির্বাচনি প্রচার শিবিরের কয়েকজন কর্মকর্তারাও তার কাছ থেকে দূরে সরে যাচ্ছেন।
দ্য গার্ডিয়ানের সর্বশেষ তথ্য অনুসারে এখন পর্যন্ত ২৬৪টি ইলেক্টোরাল ভোট নিয়ে এগিয়ে আছেন বাইডেন। জয়ের জন্য বাইডেনের প্রয়োজন আর মাত্র ৬টি ভোট। নেভাডা, জর্জিয়া, পেনসিলভেনিয়া এই তিন রাজ্যেই এগিয়ে আছেন বাইডেন। এসব রাজ্যের যেকোন একটিতে জিতলেই বাইডেন যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হবেন।
ইত্তেফাক/এআর
