'বাবা নয়, প্রযোজক ছিলাম আমি'

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ১০:১৩

বলিউডে নেপোটিজমের ব্যাপারে প্রথম সোচ্চার হন 'কুইন' খ্যাত নায়িকা কঙ্গনা রানাওয়াত। করণ জোহরের কফি উইথ করণের শো-তে গিয়ে বলিউডে নেপোটিজম বা স্বজনপোষণের সরাসরি অভিযোগ তুলেন এই নায়িকা। তার ভাষ্যমতে, করণ জোহর বলিউডে নেপোটিজমের নায়ক। 
সম্প্রতি, অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু এই বিষয়টি আরও বেশি উস্কে দেয়।
এরপর থেকেই, সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে শুরু করে মিডিয়া পর্যন্ত সব জায়গাতেই হট কেক হয়ে ঘুরে বেড়াচ্ছে এই নেপোটিজম বিতর্ক। স্বজনপ্রীতির তকমায় জড়ানো হয়েছে নামকরা অভিনেতা-অভিনেত্রীকে। সম্প্রতি, নেপোটিজমের এই বিষয় নিয়ে নিজের মনের কথা শেয়ার করেছেন অভিষেক বচ্চন।

অভিষেক জানান, তার বাব অমিতাভ বচ্চন (বিগ বি) কোন দিন তাকে ছবিতে নেবার জন্য অনুরোধ করেননি। এমনকি তার বাবার নাম নিয়ে কোন কাজও পাননি অভিষেক। এমনকি তাকে সিনেমায় লঞ্চ করার বা তার কোন ছবি প্রযোজনাও করেননি অমিতাভ বচ্চন। বরং, 'পা' ছবিটি অভিষেক নিজে তার বাবার জন্য প্রযোজনা করেছেন।

অভিষেক বলেন, 'আমি জানি কখন আমার ছবি চলে না, আমি জানি কোন কোন ছবি থেকে আমাকে বাদ দেওয়া হয়েছিল। আমি জানি কোন ছবিগুলিতে আমাকে নিয়েও বাদ দিয়ে দেওয়া হয়েছে। এমন অনেক সময় হয়েছে আমি নিজে ছবি প্রযোজনা করতে চেয়েছি, কিন্তু টাকার অভাবে করতে পারিনি। অমিতাভ বচ্চনের ছেলে মানেই মুখে রুপোর চামচ নিয়ে জন্ম নয়।'

প্রসঙ্গত, ২০০০ সালে পরিচালক জে পি দত্তার 'রিফিউজি' ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছিলেন অভিষেক বচ্চন। ২০ বছরের ক্যারিয়ারে ঝুলিতে পুড়েছেন যুবা, সরকার, কভি আলভিদা না কেহেনা, গুরু, বান্টি অওর বাবলি, দোস্তানা, বোল বচ্চন, পা, ধুম সিরিজ, মনমর্জিয়া-র মতো একাধিক ছবি। গত ৩০ জুন বলিউড অভিষেকের দুই দশক সম্পূর্ণ করেছেন অভিষেক।

ইত্তেফাক/পিএস