সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়ানোর অভিযোগে বলিউড মডেল ও অভিনেতা মিলিন্দ সুমনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে গোয়া পুলিশ। শুক্রবার, জনপ্রিয় এই অভিনেতার বিরুদ্ধে মামলা দায়ের করে পর্যটকদের তীর্থস্থান খ্যাত গোয়ার পুলিশ।
মিলিন্দ সুমনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৯৪ ধারা এবং তথ্য প্রযুক্তি আইনে ৬৭ ধারায় মামলাটি দায়ের করা হয়।
সম্প্রতি, মিলিন্দের সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে তাকে নগ্ন হয়ে দৌড়াতে দেখা যায়। ছবিটি প্রকাশের কিছুক্ষণের মধ্যেই তা ভাইরাল হয়ে যায়। এরপর থেকেই আলোচনার মধ্যমণি হিসেবে আছেন মিলিন্দ সুমন।
'১৬ ডিসেম্বর' সিনেমার এই নায়কের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছে ‘সুরক্ষা মঞ্চ’ নামে গোয়ার একটি সংস্থা। সংস্থাটির অভিযোগ, সামাজিক যোগাযোগ মাধ্যমে নগ্ন ছবি পোস্ট করে তিনি অশ্লীলতা ছড়িয়েছেন।
প্রসঙ্গত, কিছুদিন আগেই অশ্লীল ভিডিও ধারণের দায়ে বলিউড মডেল ও অভিনেত্রী পুনম পাণ্ডেকে গ্রেপ্তার করে গোয়ার কঙ্কনা থানার পুলিশ। পরবর্তীতে তিনি জামিনে ছাড়া পান।
ইত্তেফাক/পিএস
