লালমনিরহাটে পুড়িয়ে হত্যা: প্রধান আসামি আবুল হোসেন গ্রেফতার

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ০০:১৭

লালমনিরহাটের বুড়িমারীতে কোরআন অবমাননার গুজব তুলে আবু ইউনুস শহীদুন্নবী জুয়েলকে পিটিয়ে হত্যার পর পুড়িয়ে ফেলার ঘটনার প্রধান আসামি আবুল হোসেনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৭ নভেম্বর) ভোরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিম রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, আবুল হোসেন দীর্ঘদিন ধরে পুলিশের নজরদারিতে ছিল। গোয়েন্দা পুলিশের মিরপুর বিভাগের একটি টিমের কাছে গোপন সংবাদ আসে যে, আবুল কুড়িল বিশ্বরোড এলাকায় কয়েকদিন অবস্থান করবেন। পরে পুলিশের মিরপুর বিভাগের একটি টিম কুড়িল বিশ্বরোড এলাকায় অবস্থান নেয়। পরে ভোরে বাস থেকে কুড়িল বিশ্বরোড এলাকায় নামার পর ডিবি পুলিশের ওই টিম তাকে গ্রেফতার করে। 

এ ব্যাপারে লালমনিরহাট পুলিশ সুপার আবিদা সুলতানা জানান, গ্রেফতাকৃত আবুল হোসেনকে লালমনিরহাটে নিয়ে আসার প্রক্রিয়া চলছে। আনা হলেই তাকে আদালতে প্রেরণ করা হবে। 

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে কোরআন অবমাননার গুজব তুলে জুয়েলকে হত্যার পরে গায়ে পেট্রোল, কাঠখড়ি ও টায়ার দিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। এ ঘটনায় রুজু হওয়া তিনটি মামলায় এজাহারনামীয় ১১৪ জন আসামি ও অজ্ঞাত শত শত আসামির মধ্যে এখন পর্যন্ত ছয় দফায় প্রধান আসামি আবুল হোসেনসহ ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। 

ইত্তেফাক/এসি