নগ্ন হয়ে সৈকতে দৌড়, মিলিন্দের বিরুদ্ধে মামলা

আপডেট : ০৭ নভেম্বর ২০২০, ২০:১১

সৈকতে নগ্ন হয়ে দৌড়ানোর দায়ে অভিনেতা ও মডেল মিলিন্দ সোমনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ৫৫ বছরের মিলিন্দের বিরুদ্ধে অভিযোগ ভারতের গোয়ায় সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়নো ও সেই ছবি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার। এখনও পর্যন্ত মিলিন্দের তরফে মামলা প্রসঙ্গে কোনও= প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
 
দক্ষিণ গোয়ার পুলিশ সুপারিটেন্ডেন্ট পঙ্কজকুমার সিং জানিয়েছেন, ভারতীয় দণ্ডবিধির ২৯৪ (অশ্লীলতা) ধারা ও আরও কয়েকটি ধারায় অভিযুক্ত মিলিন্দ। গত ৪ নভেম্বর প্রৌঢ় অভিনেতা তার ৫৫তম জন্মদিনে একটি ছবি পোস্ট করেন। সেই ছবিতে দেখা যায়, সমুদ্র সৈকতে নগ্ন হয়ে দৌড়চ্ছেন তিনি। সেই পোস্টে অনেকেই তার এই বয়সেও এমন ফিট শরীরের জন্য প্রশংসা করেন। কিন্তু পরে শুরু হয় বিতর্ক।

নেটিজেনদের একাংশের বক্তব্য ছিল, মহিলাদের ক্ষেত্রে নগ্ন হয়ে ছবি তুললে সেজন্য তাদের চরিত্রহানি হয়। অথচ পুরুষদের ক্ষেত্রে এমন হয় না। এটা সমাজের দ্বিচারিতা ও লিঙ্গ বৈষম্যমূলক আচরণেরই বহিঃপ্রকাশ। মিলিন্দ সোমনের গ্রেপ্তারির দাবিও জানান কেউ কেউ। অবশেষে মামলা দায়ের হল তার বিরুদ্ধে।
 
মিলিন্দের বিরুদ্ধে নগ্নতা প্রদর্শনের অভিযোগ এই প্রথম নয়। কেরিয়ারের শুরুতেও নগ্নতার জন্য বিতর্কে জড়িয়েছিলেন তিনি। তার তৎকালীন প্রেমিকা ও প্রাক্তন মিস ইন্ডিয়া মধু সাপ্রের সঙ্গে নগ্ন হয়ে একটি বিজ্ঞাপনের শুট করেন তিনি। দু’জনের পায়ে ছিল জুতা। আর তাদের শরীর ঢেকে রেখেছিল একটি পাইথন। মুম্বাই পুলিশ তাঁদের বিরুদ্ধে মামলা রুজু করেছিল।

ইত্তেফাক/বিএএফ