ফতুল্লার মুসলিমনগরে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় শুক্রবার রাতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনয় গৃহবধূ বাদী হয়ে চারজনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মামলা করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন- ফতুল্লা থানার শাসনগাঁও এলাকার মৃত. আহম্মদ আলীর ছেলে নৈশপ্রহরী নুরুল ইসলাম (৬৫), নরসিংপুর এলাকার লাল মিয়ার ছেলে চা দোকানদার আইনুল মিয়া (২২) ও মুসলিমনগর কাওয়াপাড়া এলাকার অক্ষয় মহন্তের ছেলে রিকশাচালক রাজ বল্লভ (৬২)।
মামলার বরাত দিয়ে ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ফতুল্লার চৌধুরী বাড়ি এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে ১৭ বছর বয়সী ছেলেকে নিয়ে বাসা থেকে বের হয়ে যায় ইজিবাইক চালক। এরপর দুইদিন বাসায় ফিরে না আসায় গত বৃহস্পতিবার রাতে স্বামী সন্তানকে খুঁজতে বের হয় ৩৭ বছর বয়সী গৃহবধূ। তখন মুসলিমনগর এলাকায় ইজিবাইক রাখার এক গ্যারেজে গিয়ে স্বামী সন্তানকে না পেয়ে বাসায় ফেরার পথে চারজন গৃহবধূকে আটক করে নরসিংপুর প্রাইমারী স্কুলের পিছনে নিয়ে পর্যায়ক্রমে তিনজন ধর্ষণ করে একজন শ্লীলতাহানি করেছে। এরপর ধর্ষণের ঘটনা কাউকে না বলতে হুমকিতে দিয়ে গৃহবধূকে তাড়িয়ে দেয়।
ওসি জানান, এ ঘটনায় গৃহবধূ তার আত্মীয় স্বজনদের সঙ্গে আলোচনা করে থানায় অভিযোগ করতে কিছু সময় বিলম্ব করেছে। অভিযোগ পেয়ে তাৎক্ষনিক তিনজনকে গ্রেফতার করা হয়েছে। অজ্ঞাত আরেকজন পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাটি আরো তদন্তের জন্য পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
ইত্তেফাক/জেডএইচ
