সুযোগ-সুবিধার চেয়ে ফুটবলারদের সাফল্য কম: সালাউদ্দিন

আপডেট : ০৮ নভেম্বর ২০২০, ২০:১৪

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি কাজী মো. সালাউদ্দিন বলেছেন, বর্তমান ফুটবলার যে জার্সি গায়ে অনুশীলন করে, আমরা তা ম্যাচের সময়ও পায়নি। আমাদের সময় অনুশীলনের জন্য মাত্র দুটি বল থাকত। একটি দিয়ে অনুশীলন, আরেকটি দিয়ে অনুশীলন ম্যাচ খেলতাম।

বাংলাদেশ-নেপাল ফুটবল দলের প্রস্তুতি ম্যাচ উপলক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে বাফুফে সভাপতি বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উপলক্ষে এই ম্যাচ দুটি আমরা জাতির জনককে উৎসর্গ করতে চাচ্ছি। আমাদের অনেক কিছু করার পরিকল্পনা ছিল। চার-পাঁচটা আন্তর্জাতিক প্রোগ্রাম করতে চেয়েছিলাম। কিন্তু কোভিড-১৯ এর কারণে তা আর সম্ভব হয়নি।’

বাফুফে সভাপতি বলেন, বর্তমানে জাতীয় দলের ‍ফুটবলারদের নানা ধরনের ‍সুযোগ-সুবিধা দেয়া হচ্ছে। তাদের জন্য এক ঝাঁক বিদেশি কোচিং স্টাফসহ উন্নত হোটেলে থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া প্রয়োজনে দেশের বাইরেও অনুশীলনের সুযোগ দেওয়া হচ্ছে। কিন্তু সেই তুলনায় জাতীয় দলের সাফল্য কম। তাই নেপালের বিপক্ষে জামালদের কাছে সেরা খেলাটাই প্রত্যাশা করছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি কাজী সালাউদ্দিন।

আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ম্যাচ দুটিকে সামনে রেখে রবিবার বাফুফে ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বার বার একটি বিষয়টিতেই জোর দিয়েছেন সালাউদ্দিন। সেটি হলো সব কিছুর বিনিময়ে জামালরা যেন ভালো পারফর্ম করেন। তিনি বলেন, ‘সব খেলোয়াড় খেলতে যায় জেতার জন্য।

কোনও ম্যাচ প্রেসিডেন্ট কিংবা কমিটির কেউ জেতাতে পারবে না। খেলতে হবে খেলোয়াড়দের। আমার মনে হয় এখন ওদেরকে বলার সময় এসেছে। ওদেরকে(খেলোয়াড়দের) কী সুবিধা দেওয়া হয়, তা দেখেছেন। এখন ওরা যেন পারফর্ম করে।’

আগামী ১৩ ও ১৭ নভেম্বর নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। দুটি ম্যাচই অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে।

ইত্তেফাক/এসআই