রাজশাহীকে ২৫ রানে হারিয়ে আসরের প্রথম জয় খুলনার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ১৭:৩৫

রাজশাহীকে ২৫ রানে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ট আসরে নিজেদের প্রথম জয় তুলে নিল খুলনা। এই আসরে এটি তাদের পঞ্চম ম্যাচে হলেও এই প্রথম জয়ের দেখা পেল দলটি। মঙ্গলবার (১৫ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় খুলনা। নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে তাদের সংগ্রহ ছিল ১২৮ রান।

খুলনার হয়ে ব্যাট হাতে ওপেনিংয়ে নামেন জহুরুল ইসলাম এবং জুনায়েদ সিদ্দিকী। জহুরুল ব্যক্তিগত ১৩, জুনায়েদ ১৪, ডেভিড মালান ১৫, মাহমুদউল্লাহ ৯, নাজমুল হোসেন শান্ত ১১, কার্লোস ব্রাথওয়েইট ৮ রান করে একে একে সাজঘরে ফেরেন। এরপর ডেভিড উইসি এবং আরিফুল হক যথাক্রমে ১৩ ও ২৬ রান যোগ করেন স্কোরবোর্ডে। তাইজুল ইসলাম ০ রানেই বিদায় নেন। শরিফুল ইসলাম এবং জুনায়েদ খান ২ ও ১ রান করে অপরাজিত থাকেন।

বল হাতে রাজশাহী কিংসের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ, আরাফাত সানি ও ইসুরু উদানা প্রত্যেকেই নিজেদের ৪ ওভারে তুলে নেন দুটি করে উইকেট। কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান তার ৪ ওভারে পান একটি উইকেট।

খুলনার দেওয়া ১২৯ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে নেমে রাজশাহীর পক্ষে মুমিনুল হক ৭ রান এবং লরি ইভান্স ০ রানে বিদায় নেন। এরপর অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ১৬ বলে করেন ২৩ রান। সৌম্য সরকার ২ রেন করেই সাজঘরে ফেরেন। রায়ান টেন ডয়েসকাট স্কোরবোর্ডে যোগ করেন আরও ১৩ রান। তবে এরপর জাকির হাসান ৭, ক্রিশ্চিয়ান জঙ্কার ১৫, ইসুরু উদানা ৬, আরাফাত সানি ১৫, কামরুল ইসলাম রাব্বি ১৩ এবং মোস্তাফিজ ০ রান করে ফিতে যান। এতে রাজশাহীর ইনিংস শেষ হয় ১০৩ রানের কোটায়।

আরও পড়ুন: ঐক্যফ্রন্টের পুনর্নির্বাচনের দাবি অসাংবিধানিক: আইনমন্ত্রী

খুলনার হয়ে স্পিনার তাইজুল ইসলাম এবং পাকিস্তানি পেসার জুনায়েদ খান তুলে নেন তিনটি করে উইকেট। অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ তার ৪ ওভারে দুটি উইকেট শিকার করেন। ডেভিড উইসি তুলে নেন একটি উইকেট।

বিপিএলের ষষ্ঠ আসরে এটি খুলনার পঞ্চম ম্যাচ হলেও এই প্রথম জয়ের দেখা পেল দলটি। এর আগের চারটি ম্যাচেই প্রতিপক্ষের কাছে হেরে ফিরতে হয় খুলনাকে। 

ইত্তেফাক/জেডএইচডি