অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১-১ এ সমতায় ফিরলো ভারত। মঙ্গলবার (১৫ জানুয়ারি) অ্যাডিলেডে সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারায় ভারত। এর আগে সিরিজের প্রথম ম্যাচে হার দিয়ে সিরিজ শুরু করে দেশটি।
অ্যাডিলেডে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৯৮ রান তোলে অস্ট্রেলিয়া। ২৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ৪ উইকেট হারিয়ে ৪ বল হাতে রেখেই জয়ের দেখা পায় সফরকারী ভারত। অধিনায়ক বিরাট কোহলি তুলে নেন ক্যারিয়ারের ৩৯ তম সেঞ্চুরি।
প্রথমে টসে জিতে ব্যাট করতে নেমে ২৬ রানেই ২ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার অ্যালেক্স ক্যারে ১৮ এবং অ্যারন ফিঞ্চ ৬ রানে ফিরে যান। এরপর উসমান খাজা ব্যক্তিগত ২১ রানে ফেরেন। এরপর হ্যান্ডসকম্ব ২০, স্টোইনিস ২৯ এবং গ্ল্যান ম্যাক্সওয়েল ৪৮ রানে ফিরলেও, ১২৩ বলে ১৩১ রানের ইনিংস খেলে ফেরেন শন মার্শ। শেষ দিকে নাথান লায়ন ১২ ও বেহরেনডোর্ফ ১ রানে অপরাজিত থাকেন।
ভারতের হয়ে সর্বোচ্চ ৪টি উইকেট নেন ভুবনেশ্বর কুমার। এছাড়াও মোহাম্মদ সামি ৩টি ও রবীন্দ্র জাদেজা ১টি উইকেট নেন।
২৯৯ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ব্যক্তিগত ৩২ রানে ওপেনার শিখর ধাওয়ান এবং ৪৩ রানে ফেরেন রোহিত শর্মা। স্কোর বোর্ডে তখন দলীয় রান ১০১। এরপর আম্বাতি রাউডুকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নিয়ে যান কোহলি। তবে ব্যক্তিগত ২৪ রানের মাথায় সাজঘরে ফেরেন রাউডু ।
তৃতীয় উইকেট পতনের পর ব্যাট হাতে ক্রিজে আসেন মহেন্দ্র সি ধোনি। পরে ধোনির সঙ্গে জুটি গড়েন কোহলি। এ সময় অধিনায়ক কোহিলি তুলে নেন তার ক্যারিয়ারের ৩৯তম সেঞ্চুরি। অস্ট্রেলিয়ার বিপক্ষে এটি তার ষষ্ঠ সেঞ্চুরি। ব্যক্তিগত ১০৪ রান ফেরেন কোহলি। কোহলি ফিরলেও ধোনির অপরাজিত ৫৫ এবং দীনেশ কার্তিকের অপরাজিত ২৫ রানে জয়ের দেখা পায় ভারত।
আরও পড়ুন: কুকুরের কামড়ে মৃত্যু, শিক্ষার্থীদের মানববন্ধন
অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন বেহরেনডোর্ফ, রিচার্ডসন, স্টোইনিস ও ম্যাক্সওয়েল।
ম্যাচসেরা নির্বাচিত হন বিরাট কোহলি।
ইত্তেফাক/জেডএইচডি
