অবৈধ সম্পদ অর্জনের মামলায় বিএনপি নেতা ও সাবেক বিমান প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ নাছিরউদ্দিনকে কারাগারে পাঠিয়েছে আদালত। দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে আত্মসমর্পণ করে জামিন চাইলে রবিবার ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক এএমএম রুহুল ইমরান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে গত ২৭ অক্টোবর মীর নাসিরের ছেলে ব্যারিস্টার মীর হেলালকে কারাগারে পাঠিয়েছিলো একই আদালত। গত সপ্তাহে তিন বছরের সাজা সংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে তিনি জামিন পান। বৃহস্পতিবার তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন।
আরো পড়ুন : অ্যাসাইনমেন্ট জমাকালীন ফি না নেয়ার নির্দেশ
প্রসঙ্গত, অবৈধ সম্পদের মামলায় ২০০৭ সালের ৪ জুলাই মীর নাছিরকে ১৩ বছর এবং মীর হেলালকে ৩ বছরের কারাদণ্ড ও ৫০ লাখ টাকা জরিমানা করা হয়। আপিল বিভাগের নির্দেশে এই রায়ের বিরুদ্ধে তাদের করা আপিলের উপর হাইকোর্টে পুনঃশুনানি হয়। গত বছরের ১৯ নভেম্বর বিচারপতি একেএম আব্দুল হাকিম ও বিচারপতি ফাতেমা নজীবের হাইকোর্ট বেঞ্চ মীর নাছিরকে ১৩ বছর ও মীর হেলালকে ৩ বছর সাজা বহাল রাখে। একইসঙ্গে বিশেষ আদালত মামলার রায়ের অনুলিপি পাওয়ার তিন মাসের মধ্যে তাদেরকে সেখানে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া হয়। গত ১৩ আগস্ট হাইকোর্টের রায়ের অনুলিপি বিশেষ আদালতে পৌঁছে। এরপরই মীর মোহাম্মদ নাছির উদ্দিন বিচারিক আদালতে আত্মসমর্পণ করেন।
ইত্তেফাক/ইউবি
