বাইডেনকে স্বাগতম জানাচ্ছে ট্রাম্প মিত্ররাও

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০২:৪১

যুক্তরাষ্ট্রের ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন  জো বাইডেন, তবে এখনো পরাজয় মেনে নিতে রাজি হন নি ট্রাম্প। ইতিমধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ আরব মিত্র সহ অনেকেই জো বাইডেনকে স্বাগত জানাতে ব্যস্ত হয়ে পড়েছেন।

আবু ধাবির যুবরাজ এবং সংযুক্ত আরব আমিরাতের শাসক মুহাম্মাদ বিন জায়েদ তার টুইটাতে বলেছেন, “মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী জো বাইডেন ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে অভিনন্দন।” তিনি তার টুইটার বার্তায় আমিরাত ও মার্কিন সম্পর্ককে ঐতিহাসিক উল্লেখ করে বাইডেনের আমলে তা আরো জোরদার হবে বলে আশা করেছেন। সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান ও আমিরাতের যুবরাজ মুহাম্মাদ বিন জায়েদকে আরব বিশ্বে ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র হিসেবে বিবেচনা করা হয়।

মিশরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আস-সিসিও ট্রাম্পকে পরাজিত করায় আগেভাগেই জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন। মিশর ও আমেরিকার মধ্যকার সম্পর্ককে আরো জোরদার করার আকাঙ্ক্ষা ব্যক্ত করেছেন তিনি।
বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আলে খলিফা জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। তিনিও বাহরাইনের সঙ্গে আমেরিকার সম্পর্ক ইতিহাসের গভীরে বলে উল্লেখ করেছেন।

আরো পড়ুন: ট্রাম্পের নেয়া সিদ্ধান্ত বদলে দেয়ার পরিকল্পনা বাইডেনের

ওমানের সুলতান হাইসাম বিন তারিক আস-সাইদ জো বাইডেনের কাছে একটি চিঠি পাঠিয়ে অভিনন্দন জানিয়েছেন। বাইডেন নির্বাচনে মার্কিন জনগণের মন জয় করেছেন বলে চিঠিতে হাইসাম বিন তারিক উল্লেখ করেন।
       
কুয়েতের আমির, জর্দানের রাজা, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, লিবিয়ার জাতীয় সরকারের প্রধানমন্ত্রী ও আফ্রিকান ইউনিয়ন কমিশনের চেয়ারপার্সন জো বাইডেনকে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

এ দিকে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় জো বাইডেনকে অভিনন্দন জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার (৮ নভেম্বর) টুইটারে দেওয়া পোস্টে নেতানিয়াহু বলেন, ‘জো বাইডেন ও কমলা হ্যারিসকে অভিনন্দন। জো, আমাদের প্রায় ৪০ বছরের দীর্ঘ ও উষ্ণ ব্যক্তিগত সম্পর্ক রয়েছে। আপনাকে আমি ইসরায়েলের একজন দুর্দান্ত বন্ধু হিসাবে জানি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার বিশেষ জোটকে আরও জোরদার করতে আপনাদের সঙ্গে কাজ করার অপেক্ষায় রয়েছি।

তিনি আরো লিখেছেন, জেরুজালেম ও গোলানকে স্বীকৃতি দেওয়া, ইরানের বিরুদ্ধে দাঁড়ানো, ঐতিহাসিক শান্তিচুক্তি এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল জোটকে অভূতপূর্ব উচ্চতায় নিয়ে যেতে ইসরায়েল ও ব্যক্তিগতভাবে আমার প্রতি বন্ধুত্ব প্রদর্শনের জন্য ট্রাম্পকে ধন্যবাদ জানাই।

ইত্তেফাক/এএইচপি