মিয়ানমারে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত জয় পেতে পারে সু চির দল

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ০৩:৩৩

মিয়ানমারে করোনা ভাইরাসের মধ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাদ দিয়ে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এবার রেকর্ড সংখ্যক ভোট পড়েছে।

ভোটকেন্দ্রগুলোতে ভোটারদের লাইন দিতে দেখা গেছে। তবে অনেকের মুখে মাস্ক ছিল না এবং শারীরিক দূরত্বও মানা হয়নি। নির্বাচন পর্যবেক্ষকরা আশা করছেন, দেশটির নেতা অং সান সু চির দল ন্যাশনাল ডেমোক্র্যাটিক পার্টিই জয় পাবে।

আরো পড়ুন: বাইডেন শপথ নেওয়ার আগে যা যা ঘটবে

আজ সোমবার ভোটের ফলাফল পাওয়া যাবে বলে আশা করা হচ্ছে। সামরিক শাসনের অবসানের পর এটা দ্বিতীয়বারের মতো গণতান্ত্রিক নির্বাচন। রোহিঙ্গা ছাড়াও এবার রাখানি, শান, কাচিন ও কাইন, মন, চিন ও বাগো অঞ্চলের অনেকেই ভোট দিতে পারেননি। এসব অঞ্চলে ভোটার সংখ্যা প্রায় ১৫ লাখ।মিয়ানমারের সেনাপ্রধান সিনিয়র জেনারেল মিন অং হ্লাং নির্বাচনী ফল মেনে নেওয়া হবে বলে জানিয়েছেন। এর আগে তিনি সুষ্ঠু ভোট নিয়ে সংশয় প্রকাশ করেছিলেন।

২০১৭ সালে সেনাবাহিনীর বর্বরোচিত অভিযানের মুখে প্রাণ বাঁচাতে সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে এসে আশ্রয় নিয়েছে। সে সময় বহু রোহিঙ্গাকে হত্যা করা হয় এবং তাদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়। এ ঘটনায় জাতিসংঘের শীর্ষ আদালতে গণহত্যার অভিযোগে মামলা চলছে। যদিও সু চি ও তাঁর সরকার বরাবরই অভিযোগ অস্বীকার করে আসছে।

-রয়টার্স

ইত্তেফাক/এএইচপি