রামগড় পৌরসভার তৈচালাপাড়া এলাকায় খাগড়াছড়ি-ফেনী সড়কে ইট বোঝাই ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত ও পাঁচজন আহত হয়েছেন। আহতরা সকলেই অটোরিকশার যাত্রী ছিলেন। গতকাল, রবিবার সন্ধ্যা সোয়া ৬ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী যাত্রী হলেন, খাগড়াছড়ির মাটিরাঙ্গার আলুটিলা পুনর্বাসন এলাকার সূর্য কিরণ ত্রিপুরার মেয়ে জগৎ মালা ত্রিপুরা(৩২)। আহতরা হচ্ছেন, অটো রিকশার চালক সুরুজ মিয়া(৩০), সাইফুল ইসলাম (৩০), চাইন্দা মগিনী(৪০), অজ্ঞাত নামা য়ুবক(২৮) ও মোঃ তারেক (১৭)।
দুর্ঘটনার পরপরই স্থানীয় পৌর কাউন্সিলর মো. শামীম এলাকার লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান ।
আহতদের হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত ডাক্তার জগৎ মালা ত্রিপুরাকে মৃত ঘোষণা করেন। জখম গুরুতর হওয়ায় আহতদের মধ্যে তারেক ব্যতিত অপর ৪ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কর্তব্যরত চিকিৎসক ডা. উম্মে সালমা জানান, আহতদের মধ্যে অজ্ঞাতনামা অচেতন যুবক ও চাইন্দা মগিনীর অবস্থা আশংকাজনক।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ৬ টার দিকে তৈচালাপাড়া এলাকায় রামগড় হতে গুইমারাগামী একটি যাত্রীবাহি সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে বিপরীত দিক থেকে আসা ইট বোঝাই একটি ড্রাম ট্রাকের ( নম্বর চট্র মেট্রো শ ১১-২১২০) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটে রিকশাটি দুমরে মুচড়ে যায়।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুজ্জামান বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশাটি থানার হেফাজতে আনা হয়েছে। নিহত নারী যাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইত্তেফাক/পিএস
