ইরাকের রাজধানী বাগদাদের পশ্চিমাঞ্চলে রাষ্ট্র সমর্থিত উপজাতি বাহিনীর ওপর হামলা চালিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। এই হামলায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। দেশটির নিরাপত্তা ও মেডিক্যাল সূত্র এ তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বাগদাদ বিমানবন্দরের কাছে আল-রাদওয়ানিয়াহ সেনা ইউনিটে উপজাতি হাশেদ বাহিনীর ওপর রোববার জিহাদিরা গ্রেনেড হামলা চালায়।
নিরাপত্তা বাহিনী জানিয়েছে, আইএস মনিটরিং টাওয়ারে হামলা চালায়। এতে হাশেদ গ্রুপের পাঁচজন এবং ছয়জন স্থানীয় লোক প্রাণ হারায়। স্থানীয়রা হামলা মোকাবেলায় এগিয়ে এসেছিল।
মেডিক্যাল সূত্র জানিয়েছে, আহত আরো আটজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এই হামলার দায় তাৎক্ষণিকভাবে স্বীকার করেনি আইএস।
ইত্তেফাক/এসআর
