রংপুরে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর এক সদস্য গ্রেফতার

আপডেট : ০৯ নভেম্বর ২০২০, ২২:৫১

গাইবান্ধার সদর থানার কুপতলা বাজার থেকে আল্লার দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। সোমবার রাত ১০টার দিকে র‌্যাব-১৩ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে।  

র‌্যাব-১৩ এর সিনিয়র এএসপি, মিডিয়া অফিসার সিদ্দিক আহমদ জানান, নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ একটি ধর্মীয় উগ্রবাদী সংগঠন যারা সাধারণ ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ইসলামের বিভিন্ন অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্তির সৃষ্টি করছে ও আইনশৃঙ্খলার বিঘ্ন ঘটাচ্ছে। এমন খবরের সূত্র ধরে র‌্যাবের একটি আভিযানিক দল গাইবান্ধার সদর সদর থানা থেকে তাকে গ্রেফতার করে। 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃত মো: রাজু আহম্মেদ নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর সক্রিয় সদস্য। পিতা-মৃত শহিদার রহমান, সাং-কুপতলা, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা। গ্রেফতারকৃত মোঃ রাজু আহম্মেদ (৩৫), পেশায় ইলেকট্রিক ব্যবসায়ী।  সে দীর্ঘদিন যাবৎ কৌশলে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর সক্রিয় সদস্য হিসেবে কার্যক্রম পরিচালনা করে আসছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন যাবৎ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আল্লার দল’ এর গাইবান্ধা অঞ্চল এর সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে।  সে নিয়মিতভাবে দলের জন্য চাঁদা প্রদান করে এবং ধর্মপ্রাণ মানুষের ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে তাদের আদর্শের অনুকূলে সদস্য এবং চাঁদা সংগ্রহ করে ‘আল্লার দল’ এর কার্যক্রম পরিচালনা করে আসছে। তার সহযোগী অন্যান্যদের ব্যাপারে অনুসন্ধান চলমান রয়েছে।

ইত্তেফাক/এসআই