আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহ্যাম আলিয়েফ বলেছেন, তার বাহিনী নাগর্নো-কারাবাখের যুদ্ধে জয়ী হতে চলেছে। তিনি বলেন, এই যুদ্ধে আপসের সুযোগও ক্রমশ কমে আসছে।
আজারবাইজানের প্রেসিডেন্ট বিবিসিকে দেওয়া সাক্ষাত্কারে বলেছেন, আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকল পাশিনিয়ানের সঙ্গে শান্তি প্রতিষ্ঠার কোনো সম্ভাবনা তিনি দেখতে পাচ্ছেন না।
পরে তিনি ঘোষণা করেন যে তার দেশের বাহিনী নাগর্নো-কারাবাখের দ্বিতীয় বৃহত্তম শহর শুষা দখল করে নিয়েছে। কিন্তু এই দাবি প্রত্যাখ্যান করে আর্মেনিয়ার সরকার বলছে সেখানে যুদ্ধ অব্যাহত রয়েছে। এই শহরটি আর্মেনীয়দের কাছে শুষি নামে পরিচিত।
