ঘাটাইলের মুজাহাটি-শেখশিমুল রাস্তার বেহাল দশা

আপডেট : ১০ নভেম্বর ২০২০, ১২:১০

টাঙ্গাইলের ঘাটাইল উপজেলাধীন মুজাহাটি- শেখশিমুল আঞ্চলিক রাস্তাটির বেহাল দশা। রাস্তার এই বেহাল দশায় তিনটি গ্রামের মানুষ  যাতায়াতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

জানা যায়, উপজেলার দিঘলকান্দি ইউনিয়নের কুরমুশী গ্রামের ভিতর দিয়ে মুজাহাটি নদীর পার হতে শেখ শিমুল প্রাইমারি স্কুল পর্যন্ত একটি কাঁচা রাস্তা রয়েছে। এই রাস্তাটি দিয়ে শেখ শিমুল, মজাহাটি ও কুরমুশী গ্রামের কয়েক হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে থাকেন। এ রাস্তা  দিয়ে শত শত ভ্যান-রিক্সা, টেম্পো, সিএনজিসহ অন্যান্য যানবাহন চলাচল করে। কৃষকের উৎপাদিত শস্য হাট-বাজারে বিক্রির একমাত্র রাস্তা এটি। সামান্য বৃষ্টি হলেই এই রাস্তায় যান চলাচলে অযোগ্য হয়ে পড়ায়  কৃষকের উৎপাদিত শস্য হাট-বাজারে বিক্রি করতে পারেন না।  

শেখ শিমুল বাজার  থেকে মুজাহাটি নদীর পার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তা এখনো কাঁচা রয়েছে। স্বাধীনতার ৫০ বছর অতিবাহিত হলেও এ রাস্তার উন্নয়নের কোন ছোঁয়া লাগেনি। রাস্তা ঘেঁষে দুটি প্রাইমারি স্কুল ও তিনটি মসজিদ রয়েছে। সামান্য বৃষ্টি হলেই  যানবাহন কাদায় আটকে থাকতে দেখা যায়।  বৃষ্টিতে রাস্তায় পানি জমে থাকায়  কাদামাখা জামা পড়ে কোমলমতি  শিক্ষার্থীদের স্কুলে আসা যাওয়া করতে হয়। এ ছাড়া রাস্তা ঘেঁষে তিনটি মসজিদ থাকায় মুসুল্লিদের নামাজ আদায়ে দুর্ভোগ পোহাতে হয়। 

এদিকে রাস্তার এই বেহাল দশা নিরসনে রাস্তাটি পাকারণে প্রধান প্রকৌশলী এলজিইডি বরাবর  স্থানীয় এলাকাবাসীর আবেদন পত্রে স্থানীয় এমপি আলহাজ্ব আতাউর রহমান খান রাস্তাটি পাকা করার সুপারিশ করেছেন। এ ব্যাপারে ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জানান, জনগণের কষ্ট লাগবে জরুরী ভিত্তিতে রাস্তাটি পাকা করা প্রয়োজন। 

ইত্তেফাক/জেডএইচডি