রংপুরে সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে প্রতারক আটক

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২০:২৬

কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলা থেকে জাল নিয়োগপত্রসহ সেনাবাহিনীর ক্যাপ্টেন পরিচয়ে এক প্রতারককে আটক করেছে রংপুর র‌্যাব-১৩। আটক সাইফুর রহমান সুমন (২৪) ৭নং নাজিম খাঁ ইউনিয়নের মো. আলতাব হোসেনের পুত্র। এ সময় তার কাছ থেকে গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়।

র‌্যাব-১৩ জানায়, রাজারহাটের পাটোয়ারী পাড়ায় অভিযান চালিয়ে প্রতারক সুমনকে হাতেনাতে আটক করা হয়। তার কাছ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে গোডাউন কিপার, মালি, অফিস সহকারী, সেকেন্ড ল্যাফটেন্যান্টসহ বিভিন্ন পদে যোগদানের বেশকিছু ভুয়া নিয়োগপত্র, তার নামে ডিজিএফআই এর ভুয়া ভিজিটিং কার্ড, পরীক্ষার ভুয়া প্রশ্নপত্র, মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ২৩টি সিম কার্ডসহ বেশকিছু জাল কাগজপত্র উদ্ধার করা হয়। প্রতারক সুমন এলাকায় নিজেকে সেনাবাহিনীর ক্যাপ্টেন বলে জাহির করে আসছিলেন। 

আরও পড়ুন: ‘উপজেলা নির্বাচন জোটগত নয়, দলীয় প্রতীকেই হবে’ 

র‌্যাব আরও জানায়, সুমন ভুয়া নিয়োগপত্র দিয়ে চাকরি দেওয়ার কথা বলে ২০ জনের অধিক শিক্ষিত বেকারের কাছ থেকে প্রায় কোটি টাকা হাতিয়ে নিয়েছে। সুমনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। 

ইত্তেফাক/অনি/এমআই