আলোচনা-সমালোচনার ঝড় ডিঙ্গিয়ে অবশেষে মুক্তি পেয়েছে অক্ষয়-কিয়ারা অভিনীত সিনেমা ‘লক্ষ্মী’। বলিউডের এই সিনেমা, গত সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা ৭.৩১ মিনিটে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে।
মুক্তির অল্প সময়ের মধ্যেই নিমিষেই রেকর্ড গড়ে ফেলেছে সিনেমাটি। ডিজনি প্লাস হটস্টারে মুক্তিপ্রাপ্ত সব সিনেমার মধ্যে উদ্বোধনীতে এই ভৌতিক ঘরনার সিনামাটিই সবচেয়ে বেশি দর্শক পেয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানানো হয়, ‘লক্ষ্মী’ মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই আগের সকল রেকর্ড ভেঙ্গে নতুন রেকর্ড গড়েছে। লক্ষাধিক অক্ষয়-কিয়ারা প্রেমী 'ফার্স্ট ডে ফার্স্ট শো' দেখতে প্ল্যাটফর্মটিতে লগ-ইন করেছেন। এখন পর্যন্ত ডিজনি প্লাস হটস্টারে উদ্বোধনী দিনে সবচেয়ে বেশি দর্শক এসেছে কেবল এই সিনেমাতেই।
সিনেমাটির এমন সাফল্যে ইন্টারন্যাশনাল খিলাড়ি খ্যাত অক্ষয় কুমার বলেন, 'দর্শকদের কাছ থেকে ‘লক্ষ্মী’র যেমন রেসপন্স পাচ্ছি, এতে আমি অভিভূত এবং আনন্দিত। সিনেমাটি মুক্তির কয়েক ঘণ্টার মধ্যেই দেশ জুড়ে অসংখ্য দর্শক ও ভক্তরা এটি দেখার জন্য ডিজনি প্লাস হটস্টার ভিআইপিতে লগইন করেছেন। এটা আমাকে ব্যাপক উৎসাহ ও অনুপ্রেরণা জুগিয়েছে। বাঁধভাঙা এমন আনন্দের অনুভূতির সঙ্গে অন্য কিছুরই তুলনা সম্ভব না।'

রাঘব লরেন্স পরিচালিত ‘লক্ষ্মী’ সিনেমাটি তামিল হরর-কমেডি ‘মুনি ২: কাঞ্চনা’ সিনেমার হিন্দি রিমেক। মূল তামিল সংস্করণটিও নির্মাণ করেছিলেন পরিচালক রাঘব লরেন্স। করোনার কারণে ভারতের প্রেক্ষাগৃহগুলো খোলা হয়নি বলে সিনেমাটি অনলাইন প্ল্যাটফর্মে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রসঙ্গত। সিনেমাটির শুরুর দিকে এর নাম ‘লক্ষ্মী বোম্ব’ রাখা হলেও হিন্দু দেবী লক্ষ্মীকে অপমান করার অভিযোগ উঠায় ‘বোম্ব’ শব্দটি ফেলে দিয়ে শুধুমাত্র ‘লক্ষ্মী’ রাখা হয়।
ইত্তেফাক/পিএস
