পালিয়ে বিয়ে করা হলো না প্রেমিক যুগলের

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৫:৩৯

 

বাড়ি থেকে পালিয়ে ঘর বাঁধতে চেয়েছিলেন কিশোর বাপ্পী ও কিশোরী সুকন্যা। কিন্তু ঘাত ট্রাক কেড়ে নেই তাদের সেই স্বপ্ন। টাঙ্গাইল-আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার দাস পাড়ায় তাদের বহনকারী মোটরসাইকেলকে চাপা দেয় কাঠ বোঝাই একটি ট্রাক । এতে ঘটনাস্থলেই চালক সানি ও হাসপাতালে বাপ্পী এবং সুকন্যা মারা যায়। তারা রাতের আঁধারে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছিলেন বলে জানিয়েছেন মেয়ের চাচা নিরব মিয়া। 

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে টাঙ্গাইল -আরিচা আঞ্চলিক মহাসড়কের নাগরপুর উপজেলার সহবতপুর ইউনিয়নের দাসপাড়া এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- দেলদুয়ার উপজেলার জাঙ্গালিয়া গ্রামের বারেকের ছেলে শুভ আক্তার সানি (১৮), টাঙ্গাইল সদর থানার কাগমারা এলাকার মান্নানের মেয়ে মমতা হিয়া সুকন্যা (১৫) ও করটিয়া বাইপাস এলাকার মোস্তফা মিয়ার ছেলে বাপ্পী (১৮)। নিহত সুকন্যা টাঙ্গাইলের বিবেকানন্দ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বন্ধুর মোটরসাইকেলে নাগরপুরের ধুবড়িয়া গ্রামের মেয়ের নানাবাড়ি থেকে পালিয়ে দুই কিশোর-কিশোরী টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি কাঠ বোঝাই ট্রাক (ঢাকা মেট্রো-১৫২৭৮৭) ওই মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক সানি নিহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর বাপ্পী ও সুকন্যা মারা যায়।

নাগরপুর থানার ওসি (তদন্ত) বাহালুল খান এ তথ্য নিশ্চিত করে জানান, পুলিশ দুর্ঘটনার সংবাদ পেয়ে নিহতদের থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি আটক করতে পারলেও ঘাতক চালক পালিয়ে যেতে সক্ষম হয়।

ইত্তেফাক/এমআর