সাবেক এমপির পিস্তল দিয়ে তাকেই গুলি করে হত্যা করে দ্বিতীয় স্ত্রী

আপডেট : ১১ নভেম্বর ২০২০, ১৬:৪২

নেত্রকোনা-১ আসনের (দুর্গাপুর-কলমাকান্দা) তিনবারের সাবেক এমপি ও দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদারের হত্যা রহস্য উদঘাটন করা হয়েছে। তার দ্বিতীয় স্ত্রী আয়েশা আক্তারকে আসামি করে তদন্ত রিপোর্ট প্রদান করা হয়েছে। গত মঙ্গলবার দুর্গাপুরের এই সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার হত্যাকাণ্ডে তদন্ত প্রতিবেদন দীর্ঘ আট বছর পর প্রকাশিত হয়েছে। 

দুর্গাপুর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (স্বর্ণ কমল সেন) আদালতে এ প্রতিবেদন প্রকাশ করেন। জালাল তালুকদার গত ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুর উপজেলার বাগিছাপাড়ার বাসায় নিজ শয়ন কক্ষে পিস্তলের গুলিতে খুন হয়েছিলেন।

আদালত সূত্রে জানা গেছে, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার হত্যার ব্যাপারে সরকারি বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিভিন্ন ধাপে ‘জালাল তালুকদার আত্মহত্যা করেছে’ বলে প্রতিবেদন প্রকাশ করে। এই সমস্ত প্রতিবেদন সম্পর্কে মামলার বাদী এমপির পুত্র শাহ কুতুব উদ্দিন রয়েল নারাজি প্রদান করেন এবং তা বাতিল করা হয়। সর্বশেষ তিন বছর আগে হাইকোর্ট নেত্রকোনা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে তদন্ত করে প্রতিবেদন পেশ করার নির্দেশ দেন। তদন্ত কর্মকর্তা মামলার ৪০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। কিন্তু করোনা ভাইরাসের কারণে তদন্ত প্রতিবেদন আদালতে পেশ করতে বিলম্ব হয়। গত মঙ্গলবার দুপুরে দুর্গাপুর আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট স্বর্ণ কমল সেনের নির্দেশে আদালত মামলার বাদীর উপস্থিতিতে তাকে এ প্রতিবেদন পাঠ করে শোনান। তদন্ত প্রতিবেদনে বাদীর কোনো আপত্তি আছে কিনা জানতে চাওয়া হলে বাদী আপত্তি নাই বলে জানান এবং এই প্রতিবেদনে সন্তোষ প্রকাশ করেন। 

আরো পড়ুন: এএসপির মৃত্যুর সঙ্গে জড়িতদের ব্যবস্থা নেয়া হবে

প্রতিবেদনে উল্লেখ করা হয়, জমি সংক্রান্ত বিরোধের কারণে জালাল উদ্দিন তালুকদারের দ্বিতীয় স্ত্রী আয়েশা খাতুন তার স্বামী জালাল আলুকদারের পিস্তল দিয়ে তার স্বামীকে খুন করেন। মামলায় দ্বিতীয় স্ত্রীকে দোষী সাব্যস্ত করে আদালত মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করেন। 

মামলার বাদী শাহ কুতুব উদ্দিন রয়েল জানান, দীর্ঘদিন ধরে যারা এ মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চেয়েছিলেন আমি তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানাচ্ছি। এ রায়ে তিনি সন্তুষ্ট বলে জানান।

উল্লেখ্য, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন তালুকদার তিনবার নেত্রকোনা-১ (কলমাকান্দা-দুর্গাপুর) আসনে নির্বাচিত হয়েছিলেন। ২০১২ সালের ২৫ সেপ্টেম্বর দুর্গাপুর উপজেলার বাগিছাপাড়ার বাসায় নিজ শয়ন কক্ষে পিস্তলের গুলিতে খুন হয়েছিলেন।

ইত্তেফাক/এএএম