সেই জাকির দম্পতিকে গরু উপহার দিলেন জেলা প্রশাসক

আপডেট : ১২ নভেম্বর ২০২০, ২১:১৬

একটি গরুর অভাবে ‘কলুর বলদের কাজ করছেন স্বামী-স্ত্রী’ সংবাদটি প্রকাশের পূর্বে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেজবাউল করিম দৈনিক ইত্তেফাককে বলেছিলেন, কোনভাবে তাদের অবশ্যই সহযোগিতা দেওয়া হবে। সংবাদটি দৈনিক ইত্তেফাক অনলাইনে রবিবার (৮ নভেম্বর) প্রকাশের পর সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদকে তিনি বিষয়টি অবগত করলে দ্রুততম সময়ে ঐ দম্পতিকে বলদ গরু দেওয়ার নির্দেশ দেন। তৎক্ষণাৎ এ প্রতিবেদককে নিশ্চিত করা হয়, জাকির হোসেন ও তার স্ত্রী রাবিয়া খাতুনকে একটি বলদ গরু দেওয়া হবে।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মাদারজানি গ্রামে ঐ দম্পতির বাড়িতে গরু নিয়ে হাজির হন জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা। সঙ্গে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ.বি.এম. রওশন কবীর। তারা গ্রামবাসী ও সংবাদকর্মীদের উপস্থিতিতে বলদ গরুটি ঘানি টানার জন্য হস্তান্তর করেন। 

আরো পড়ুন: ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগের হাবিব হাসান নির্বাচিত

জাকির হোসেন ও তার স্ত্রী রাবিয়া খাতুন বলেন, একটি বলদ গরুর অভাবে কাঠের ঘানির জোয়াল কাঁধে করে টেনে কেটে গেছে তিন যুগেরও অধিক সময়। এতদিনে বুঝি সেই কঠোর পরিশ্রম ও নিদারুণ কষ্টের অবসান হতে চলেছে। 

সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ দৈনিক ইত্তেফাককে বলেন, নিজস্ব তহবিল থেকে জাকির দম্পতিকে গরুটি দেওয়া হলো। ভবিষ্যতেও সমাজের অসহায় মানুষের জন্য অনুরূপ সহায়তা অব্যাহত থাকবে। সর্বোপরি তিনি অনুসন্ধানী সংবাদের জন্য এ প্রতিবেদককে বিশেষ ধন্যবাদ জানান।   

ইত্তেফাক/এএএম